নাইক্ষ্যংছড়িতে চাল বিতরণে ছাত্রদল নেতার বিশৃঙ্খলা, হুমকির অভিযোগ
· Prothom Alo

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে চাল বিতরণের সময় উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও ইউনিয়ন পরিষদের প্রশাসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ দেওয়া চাল বিতরণ করা হচ্ছিল। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণের সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেখানে যান। তিনি অভিযোগ করেন, তাঁর এলাকার অনেক দুস্থ পরিবার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসককে খুঁজতে থাকেন।
Visit een-wit.pl for more information.
ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব ইলাহী বলেন, মিজানুর রহমান ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে সেখানে মব সৃষ্টির চেষ্টা করেন। এতে চাল নিতে আসা নারীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং চাল বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা বিতরণ কার্যক্রম বন্ধ থাকে। তিনি ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, মিজানুর রহমান প্রকাশ্যে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। বিষয়টি ছাত্রদলের জেলা আহ্বায়ক কমিটিকেও জানানো হয়েছে, তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, চাল বিতরণে বিশৃঙ্খলার বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানায় পাঠানো হয়েছে।