অসহায়ত্বের কথা বলে আশ্রয়, সুযোগ পেয়ে নবজাতক নিয়ে উধাও তরুণী

· Prothom Alo

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান চুরি করে পালিয়েছেন এক তরুণী। নিজের অসহায়ত্বের কথা বলে ওই তরুণী ওই প্রসূতির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার নবীনগর গ্রামে।

লালপুর থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নবীনগর গ্রামের আরশেদ মোল্লার মেয়ে বিজলী খাতুনের বিয়ে হয়েছে পাশের নূরুল্লাপুর গ্রামের ভ্যানচালক মো. লালুর সঙ্গে। প্রথম সন্তানের জন্মের জন্য তিনি বাবার বাড়িতে আসেন। সেখানে এক মাস আগে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। গতকাল দুপুরে সন্তানের চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে এক তরুণীর (১৮) সঙ্গে তাঁর পরিচয় হয়। এ সময় ওই তরুণী তাঁকে জানান যে তিনি খুবই অসহায়। বাবা-মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে পালিয়েছেন। এক রাতের জন্য তিনি আশ্রয় চান।

Visit fishroad-app.com for more information.

বিজলী খাতুন সরল বিশ্বাসে ওই তরুণীকে তাঁর বাবার বাড়িতে নিয়ে যান। সন্ধ্যায় তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় ঘুরছিলেন ওই তরুণী। হঠাৎ তরুণী শিশুটিকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি লালপুর থানাকে জানালে পুলিশ বিভিন্ন সড়কে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু আজ রোববার সকাল পর্যন্ত তাঁর সন্ধান পায়নি।

শিশুটির নানা আরশেদ মোল্লা বলেন, নিজের অসহায়ত্বের কথা বলে অজ্ঞাতপরিচয় ওই তরুণী তাঁর মেয়ে বিজলীর সঙ্গে তাঁর বাড়িতে আসেন। তাঁরাও বিষয়টি স্বাভাবিকভাবে নেন। হঠাৎ তিনি নাতনিকে নিয়ে পালিয়ে যাবেন, এটা তাঁরা ধারণাও করতে পারেননি। এ ঘটনায় তাঁর মেয়ে বিজলী কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার ও প্রতারণা করা তরুণীকে আটক করার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। রাস্তায় রাস্তায় তল্লাশি চলছে।

Read full story at source