বাড়িতে আমি সন্তানদের কাছে বাবার চেয়ে বন্ধু বেশি: আমির খান
· Prothom Alo

এসেছে জুনাইদ খান অভিনীত ছবি ‘এক দিন’–এর ট্রেলার। সুনীল পান্ডে পরিচালিত ছবিটিতে তাঁর বিপরীতে আছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। মুম্বাইয়ের এক্সেলস এন্টারটেইনমেন্টের অফিসে সীমিতসংখ্যক গণমাধ্যমের জন্য ট্রেলার প্রিভিউয়ের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ছবির অন্যতম প্রযোজক জুনাইদের বাবা আমির খান।
শাহরুখপুত্র আরিয়ান খান যেখানে অভিনয়ের বদলে পরিচালনাকে বেছে নিয়েছেন—নেটফ্লিক্সের ‘ব্যা***ডস অব বলিউড’ সিরিজ দিয়ে যার সূচনা—সেখানে আমিরের ছেলে জুনাইদ অভিনয়েই নিজের পরিচয় গড়তে চান। নেটফ্লিক্সের ছবি ‘মহারাজ’ দিয়ে অভিনয়ে ইতিমধ্যে তাঁর অভিষেকও হয়ে গেছে। পরে বড় পর্দার ছবি ‘লাভইয়াপা’তে শ্রীদেবীকন্যা খুশি কাপুরের সঙ্গে তাঁকে দেখা যায়। ‘এক দিন’-এ এবার সাই পল্লবীর সঙ্গে জুটি বেঁধে আসছেন তিনি।
Visit asg-reflektory.pl for more information.
ট্রেলার উন্মোচনের পর আমির জানান, এই ছবির মাধ্যমেই বড় পর্দায় জুনাইদের অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই লাভইয়াপা দিয়ে যাত্রা শুরু হয়ে যায়। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হেসে আমির বলেন, ‘আমাকে তো চেনেন, আমি সময় নিয়ে ছবি বানাই। তাই এটি জুনাইদের প্রথম ছবি হয়ে ওঠেনি।’
নায়িকা হিসেবে সাই পল্লবীকে বেছে নেওয়ার প্রসঙ্গে আমির বলেন, ‘এই ছবির জন্য একদম উপযুক্ত একজন অভিনেত্রী খুঁজছিলাম। সাইয়ের মধ্যে সেই নিষ্পাপ উপস্থিতি আছে। আশা করি, দর্শক জুনাইদ ও সাইয়ের রসায়ন পছন্দ করবেন।’
আমির আরও জানান, ছবিটির প্রায় ৮০ শতাংশ শুটিং জাপানে হয়েছে। তাঁর ভাষায়, ‘চিত্রনাট্যের প্রয়োজনে এমন লোকেশন দরকার ছিল। আমরা অন্য দেশও ভেবেছিলাম, কিন্তু জাপানকে বলিউডে তেমনভাবে দেখানো হয়নি।’
আড্ডার এক পর্যায়ে ছেলের প্রসঙ্গে আমির বলেন, ‘জুনাইদ কোনো ছবির ব্যাপারে আমার পরামর্শ নেয় না। চিত্রনাট্য নিয়েও আমার সঙ্গে আলোচনা করে না। আমি জানতেও পারি না, ও কোন ছবিতে কাজ করছে। মনে হয়, ইতিমধ্যে সে দু-একটি ছবি সই করেছে—এর মধ্যে একটি একতা কাপুর ও বালাজি টেলিফিল্মসের সঙ্গে। সব সিদ্ধান্ত ও নিজেই নেয়, আর এটা আমি খুব ভালো বলে মনে করি।’
ছেলের প্রশংসা করে আমির বলেন, ‘জুনাইদ খুবই দৃঢ়চেতা ও স্বাধীনচেতা। সিনেমার ক্ষেত্রে ও অনেকটা আমার মতোই। নিজের চরিত্রের চেয়ে গল্পকে বেশি গুরুত্ব দেয়। সিনেমা, চিত্রনাট্য ও সম্পাদনা নিয়ে ওর দারুণ বোঝাপড়া আছে।’
ছেলের সঙ্গে ব্যক্তিগত স্মৃতিও ভাগ করে নেন আমির, ‘জুনাইদের বয়স যখন চার, তখন ওকে দাবা খেলতে শিখিয়েছিলাম। ১৮ বছর বয়সে প্রথম আমাকে হারায়—মানে ১৪ বছর পর। এখন যতই চেষ্টা করি, ওকে আর হারাতে পারি না। সব সময়ই ও জিতে যায়।’
সন্তানদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আমির বলেন, ‘বাড়িতে আমি বাবার চেয়ে বন্ধু বেশি। জুনাইদ, ইরা ও আজাদ—তিনজনের সঙ্গেই আমার সম্পর্ক খুব সহজ ও স্বাভাবিক।’
আগামী ১ মে মুক্তি পাবে ‘এক দিন’। ট্রেলারে জুনাইদ ও সাই পল্লবীর মধ্যে এক সতেজ ও মিষ্টি রসায়নের আভাস মিলেছে। ছবিটি থাই চলচ্চিত্র ওয়ান ডে থেকে অনুপ্রাণিত।
আমির বর্তমানে তাঁর প্রযোজনায় নির্মিত ‘লাহোর ১৯৪৭’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ছবিটির নাম পরিবর্তন নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। তবে এ বিষয়ে আমিরের মন্তব্য, ‘এটা নিছকই গুঞ্জন। নাম পরিবর্তন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।’