নেত্রকোনায় নিখোঁজের তিন দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
· Prothom Alo

নেত্রকোনার বারহাট্টায় নিখোঁজের তিন দিন পর একটি শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বারহাট্টার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
Visit orlando-books.blog for more information.
শিশুটির নাম শাহিন মিয়া (৩)। সে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের তুলন মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু শাহিন ১৪ মার্চ বেলা ৩টার দিকে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন সেখানে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও পাওয়া যায়নি। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা বারহাট্টা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিন দিন পর গতকাল দুপুরে এলাকাবাসী বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে শিশুটির অর্ধগলিত লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।