নতুন নিশো, আলোচনায় ‘দম’–এর ট্রেলার
· Prothom Alo

পোস্টার, টিজারের পর এসেছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দম’-এর অফিশিয়াল ট্রেলার। গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চরকি, এসভিএফ ও আলফা-আই স্টুডিওজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ট্রেলারটি। ১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে সিনেমাটির বিভিন্ন ঝলক। ট্রেলারটি শুরু হয় ছবির প্রধান অভিনেতা আফরান নিশোর ভয়েস ওভার দিয়ে, গল্প এগিয়ে চলে বাংলাদেশ থেকে বিদেশে প্রতিকূল পরিবেশে। মুক্তির পর থেকেই ট্রেলারটির প্রশংসা চলছে অন্তর্জালে।
Visit xsportfeed.quest for more information.
চরকির ভেরিফায়েড ফেসবুকে ট্রেলারের নিচে অপর্ণা নামে একজন লিখেছেন, ‘ট্রেলার দেখে মনে হচ্ছে, গল্প, নির্মাণ অসাধারণ হয়েছে।’ সুজন নামের আরেকজন লিখেছেন, ‘পরপর তিন সিনেমায় আফরান নিশো যেভাবে নিজেকে ভাঙছেন, সেটা দেখার মতো।’ জান্নাতুল ফেরদৌস নামে আরেক দর্শক চরকির ইউটিউট চ্যানেলে ‘দম’-এর ট্রেলারের নিচে মন্তব্য করেছেন, ‘কী অসাধারণ। বর্তমানের অশালীন সংলাপ আর মারামারির থেকে যোজন যোজন ঊর্ধ্বে এই ট্রেলার।’
‘দম’–এর ফার্স্ট লুকে আফরান নিশো। চরকির সৌজন্যেগল্প ও নির্মাণ
নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র দম নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। ট্রেলার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, প্রথম আলোর ঈদসংখ্যায় প্রকাশিত একটি গল্প থেকে তিনি এই সিনেমার মূল রসদ খুঁজে পান। সিনেমার গভীরতা সম্পর্কে তিনি বলেন, ‘অনেক টাকা বা অনেক মানুষ যুক্ত হলেই এমন সিনেমা হয়তো করা যায় না। এমন সিনেমাকে ভেতর থেকে “হয়ে উঠতে” হয়। সবার ভালোবাসা আর বিশ্বাস না থাকলে এটা সম্ভব না।’
নতুন নিশো
প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’-তে আফরান নিশোকে দেখা গিয়েছিল গ্রামের এক যুবকের চরিত্রে, যে ঘটনাচক্রে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। গত বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’, সিনেমাটি ছিল প্রায়শ্চিত্তের গল্প। জেলফেরত এক যুবকের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নিশো। এবার তিনি আসছেন টিকে থাকার গল্প নিয়ে। নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিশো জানান, ‘দম’ নিয়ে কথা বলতে গেলে তিনি আবেগপ্রবণ হয়ে যান। এমন একটা কাজের জন্য ইউনিটকে ধন্যবাদ জানান আফরান নিশো।
রাণী হয়ে আসছেন পূজা
সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। তাঁর চরিত্রের নাম রাণী। উচ্ছ্বাস প্রকাশ করে পূজা বলেন, ‘আপনারা সব সময় চেয়েছেন আমি ভালো কাজ করি। আশা করছি দম দেখে আপনাদের সেই প্রত্যাশা মিটবে। আমার ওপর আস্থা রাখার জন্য রনি ভাই ও শাকিল ভাইকে কৃতজ্ঞতা জানাই। আর নিশো ভাই সহশিল্পী হিসেবে কতটা সাপোর্টিভ হতে পারে, তা উনার সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না।’
মুক্তি ও পাইরেসি রোধে পরিকল্পনা
সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, পাইরেসি রোধে তাঁদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। নিরাপত্তার খাতিরে সিনেমাটি মুক্তির প্রথম দুই-তিন সপ্তাহ শুধু সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোয় প্রদর্শিত হবে। আপাতত সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
‘দম’ সিনেমা ‘ইউ’গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ, সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে এই সিনেমার জন্য প্লেব্যাক করেছেন। সিনেমায় আরও গান করেছেন ইমরান মাহমুদুল ও পারশা মাহজাবীন।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে ১০ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ তৈরি করেছে।আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।
‘দম’–এর ফার্স্ট লুকে চঞ্চল চৌধুরী। চরকির সৌজন্যে