কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ করা যুবক গ্রেপ্তার

· Prothom Alo

যশোরের কেশবপুরে জামায়াতের সংসদ সদস্য মো. মোক্তার আলীকে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কেশবপুর শহর থেকে ‘মদ্যপ অবস্থায়’ আটকের পর এ ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার যুবকের নাম নাঈম হোসেন (৩৭)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চান শরীফের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করেছে পুলিশ।

Visit mchezo.life for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে সড়কের পাশে গাড়ি রেখে ওষুধ কিনছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলী। তখন সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন নাঈম হোসেন নামের ওই যুবক। সংসদ সদস্য ওষুধ কিনে তাঁর গাড়ির পাশে আসামাত্র ওই যুবক ‘মদ্যপ অবস্থায়’ তাঁকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন যুবক। পরে সংসদ সদস্যের অনুসারীরা শহরের জামে মসজিদ এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তাঁর গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটক যুবককে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁর গাড়িটিও জব্দ করা হয়েছে।

Read full story at source