হঠাৎ করেই বিদেশে তৈরি সব রাউটার কালোতালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র
· Prothom Alo

হঠাৎ করেই অন্য দেশে তৈরি সব মডেলের রাউটার কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে রাউটার রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়বে চীনসহ বিভিন্ন দেশের রাউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এর আগে চীনের হুয়াওয়ে ও ডিজেআইয়ের মতো প্রতিষ্ঠানের প্রযুক্তিপণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন এই সিদ্ধান্তকে সেই নিষেধাজ্ঞার ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন জানিয়েছে, বিদেশি প্রতিষ্ঠানের তৈরি রাউটার যুক্তরাষ্ট্রের জন্য দ্বিমুখী ঝুঁকি তৈরি করছে। একদিকে এগুলো সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে তুলছে, অন্যদিকে সাইবার নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি অন্য রাষ্ট্রের মাধ্যমে নাগরিকদের ওপর নজরদারির ঝুঁকিও রয়েছে। সাম্প্রতিক কয়েকটি সাইবার হামলায় বিদেশে তৈরি রাউটারে থাকা প্রযুক্তির সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
Visit rouesnews.click for more information.
নতুন এই সিদ্ধান্তে সাধারণ ব্যবহারকারীদের উদ্বেগের কারণ নেই বলে আশ্বস্ত করেছে ফেডারেল কমিউনিকেশনস কমিশন। সংস্থাটির তথ্যমতে, নতুন এ নিষেধাজ্ঞা কেবল ভবিষ্যতে আমদানি করা নতুন রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ বর্তমানে চালু থাকা রাউটারগুলো স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাবে। শুধু তা-ই নয়, বাজারে থাকা রাউটারগুলোও বিক্রি করা যাবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বাসায় ব্যবহার করা প্রায় ৬০ শতাংশ রাউটারই চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি। তাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে রাউটারের চাহিদা পূরণ করতে দেশটির রাউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনব্যবস্থা ঢেলে সাজাতে হবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
সূত্র: টেক রাডার