দুর্ঘটনা, অব্যবস্থাপনা ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এমপিদের ক্ষোভ

· Prothom Alo

ঈদের ছুটিতে সড়ক ও নৌপথে অব্যবস্থাপনা, দুর্ঘটনায় প্রাণহানি এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। তাঁরা এ দুটি বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Visit salonsustainability.club for more information.

আজ শনিবার বিএনপির সংসদীয় দলের সভায় সদস্যরা এ অসন্তোষ প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মাঝখানে আসরের নামাজের বিরতিসহ প্রায় দুই ঘণ্টা সভা চলে। এতে ১৫-১৬ জন সংসদ সদস্য বক্তব্য দেন। প্রধানমন্ত্রী সবার বক্তব্য শুনেছেন, তবে নিজে তেমন কথা বলেননি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংসদীয় দলের সভায় একাধিক সংসদ সদস্য এবার ঈদুল ফিতরের ছুটিতে বিভিন্ন সড়ক ও নৌপথে দুর্ঘটনায় অনেক প্রাণহানির কথা উল্লেখ করেন। তাঁরা এ ক্ষেত্রে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সড়ক, রেল ও নৌপথে মন্ত্রী শেখ রবিউল আলম লোকবলসংকটসহ কিছু সমস্যার কথা স্বীকার করেন।

সভায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সংকটের প্রভাব নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালানের অভিযোগ তোলেন কয়েকজন সংসদ সদস্য। এ পরিস্থিতিতে ডিজেল ও অকটেনের দাম প্রতি লিটারে ১ থেকে ২০ টাকা পর্যন্ত কমানোর প্রস্তাব দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও চোরাকারবারিদের দমন করা যায় কি না, তা বিবেচনার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত থাকা একাধিক সূত্রে জানা গেছে, বৈঠকের শুরুতে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম (মনি) একটি দৈনিক পত্রিকায় গতকাল প্রকাশিত ‘জনকল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকারের পথচলার ৩৭ দিন’ শিরোনামের প্রতিবেদন পড়ে শোনান। তিনি দলীয় সংসদ সদস্যদের প্রতিবেদনের আলোকে মাঠপর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানান। চিফ হুইপ ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। পরে সংসদ সদস্যদের সবাইকে ওই পত্রিকার একটি করে কপি দেওয়া হয়।

ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নেওয়া বেশ কিছু পদক্ষেপের উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ‘রাজনীতিতে অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষায় পাহাড়সম দৃঢ়তা দেখানোর নজির বাংলাদেশের ইতিহাসে বিরল। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিরল নেতৃত্বের উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন।’

সভায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বক্তব্য দেন। তবে তাঁর বক্তব্যে রোহিঙ্গা সংকট নিয়ে কিছু না থাকায় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশ্ন তোলেন। পরে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেবেন বলে সিদ্ধান্ত হয়।

১৩ দিনের বিরতির পর আজ রোববার বেলা তিনটায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। তার আগে আজ বেলা দেড়টায় বিএনপির সংসদীয় দল আবার সভায় বসবে। সেখানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়েও আলোচনা হতে পারে।

সভার শুরুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতি মাসে এমপিদের জন্য ব্রিফিং হবে

গতকাল বিএনপির সংসদীয় দলের সভা শেষে এ বিষয়ে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংসদ নেতা প্রথমবারের মতো মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে অবহিত করতে, যাতে তাঁরা নিজ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। তিনি বলেন, সরকার দেশকে একটি কল্যাণকর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। ভবিষ্যতে প্রতি মাসে সংসদ সদস্যদের জন্য এমন ব্রিফিংয়ের আয়োজন করা হবে, যাতে সরকার কীভাবে চলছে এবং কী করতে চায়, তা তাঁরা জানতে পারেন।

চিফ হুইপ আরও জানান, সংসদীয় দলের সভায় বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের সংকট তৈরি এবং বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেছেন। যোগাযোগমন্ত্রী বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতে যাতে এমন না হয়, সে জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়েছেন।

তেল সরবরাহের ঘাটতি কৃত্রিমভাবে তৈরি

দেশে তেলের ঘাটতি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, তেলের সরবরাহের ঘাটতি কৃত্রিমভাবে তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষের অতি উৎসাহ ও চোরাচালানের কারণে। এটি যাতে না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তেলের মজুতদারি রোধ ও চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

চিফ হুইপ বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে দুই লাখ টন তেলের জাহাজ ঘাটে লেগেছে, আরও দুই লাখ টন অচিরেই দেশে পৌঁছাবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পুরো পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম ঠিক রাখতে সরকার চেষ্টা করছে এবং প্রায় ২০০ কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দেওয়া হচ্ছে। বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করা হয়েছে। আগামীকাল সংসদে ৩০০ বিধিতে জ্বালানিমন্ত্রী বক্তব্য দেবেন বলেও সভায় জানানো হয়েছে।

চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপরে কে কী বক্তব্য দেবেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলো কী; সেসব নিয়েও আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেলের মূল্যবৃদ্ধি না করাটা সরকারের সফলতা। এ বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয়, সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবারহ করছে সরকার। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

Read full story at source