নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শ্রমিকের লাশ

· Prothom Alo

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবা থেকে এক ইটভাটার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ রোববার সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের কার্যালয়-সংলগ্ন ডোবার পানিতে লাশটি ভেসে ওঠে।

উদ্ধার হওয়া লাশটি মো. সোহেল রানার (২৪)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

Visit mchezo.co.za for more information.

নিহত শ্রমিকের বাবা অলি উদ্দিন বলেন, গত শুক্রবার সকালে তাঁর ছেলে ইটভাটার কাজে যাননি। বিকেলে তাঁকে জোরপূর্বক ইটভাটাটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁর মামা কামাল ও আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। এ সময় সোহেল রানার সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকে সোহেল রানা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। আজ সকালে ইটভাটার কার্যালয়-সংলগ্ন ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, নিহত ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরিকালে ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Read full story at source