গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

· Prothom Alo

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু ভর্তি আছে। গত চার দিনে এই শিশুদের ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে শনি থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৭ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এই শিশুরা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে এসেছে। গত শনিবার ৬টি, রোববার ৭ ও সোমবার ৯ শিশু ভর্তি হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৭, সিটি করপোরেশনে ৬ এবং কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর থেকে ৩ জন করে রোগী ভর্তি হয়। এ ছাড়া আজ সকালে আরও ৫ শিশুকে ভর্তি করা হয়েছে।

Visit afnews.co.za for more information.

হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনেরা জানান, কয়েক দিন ধরে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি এবং দুর্বলতা দেখা দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে আসা এক শিশুর মা সালেহা বেগম বলেন, ‘প্রথমে জ্বর ছিল, পরে সারা শরীরে দানা বের হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছে এবং একটু ভালো আছে।’ অপর এক শিশুর বাবা আবদুল মালেক বলেছেন, ‘দু-তিন দিন ধরে জ্বর কমছিল না। পরে শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখানে ভর্তি করার পর ডাক্তাররা নিয়মিত দেখছেন।’

হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু ভর্তি হয়েছে এবং তাদের হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের অপুষ্টি থেকে দূরে রাখা এবং হামে আক্রান্ত রোগীদের অন্যদের থেকে আলাদা রাখার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

Read full story at source