চিরকুট ফেলে ‘বাঁচার আকুতি’ গৃহকর্মীর, বাড়িতে হামলা ক্ষুব্ধ লোকজনের
· Prothom Alo

রাজধানীর বনানীতে একটি বাড়ির নিচে পড়ে থাকা ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে ওই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ গৃহকর্মীকে উদ্ধার ও গৃহকর্ত্রীকে আটক করেছে। এ ঘটনায় ওই বাড়িতে থাকা এক বিদেশি দম্পতিকেও হেনস্তার চেষ্টা হয়েছে।
Visit fishroad-app.com for more information.
উদ্ধার হওয়া গৃহকর্মী নাম শিউলি বেগম (২৫)। তাঁর শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্ত্রী সামেনা আলমকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ রাতে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বনানীর ৫ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়ির একটি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে শিউলি বেগম নামের এক নারী নিজেকে গৃহকর্মী পরিচয় দিয়ে নিচে একটি চিরকুট ফেলেন। এতে লেখা ছিল, ‘আমাকে বাঁচান’।
তানভীর আহমেদ বলেন, এক ব্যক্তি চিরকুটটি পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের একটি তলা থেকে শিউলি বেগমকে উদ্ধার করে। এ সময় গৃহকর্ত্রী সামেনা আলমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত লোকজন ভবনটির সামনে জড়ো ইট পাটকেল ছুড়ছে। ওই বাড়িতে থাকা এক বিদেশি দম্পতি ভয় পেয়ে বের হলে গৃহকর্তা-গৃহকর্ত্রী সন্দেহে তাঁদের ওপর হামলার চেষ্টা করে ক্ষুব্ধ লোকজন। পরে পুলিশ ওই দম্পতিকে নিরাপদে সরিয়ে নেয়।
রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম প্রথম আলোক বলেন, উদ্ধার হওয়া গৃহকর্মী শিউলি বেগমের শরীরে সামান্য মারধরের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।