ডিআইজির নাম বলে ওসি পদায়নের নামে প্রতারণার অভিযোগ

· Prothom Alo

ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) নাম বলে অর্থ আদায়ের অপচেষ্টা নিয়ে সবাইকে সতর্ক করেছে ঢাকা রেঞ্জ। গতকাল শুক্রবার ঢাকা রেঞ্জ এই বিশেষ সতর্কবার্তা জারি করে।

Visit rouesnews.click for more information.

ঢাকা রেঞ্জের মিডিয়া সেল জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র ওসি পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

মিডিয়া সেলের ভাষ্য, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে কোনো থানার ওসি পদায়ন করা হয় না। এ ধরনের পদায়নের এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব পদায়ন সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও প্রতারণামূলক। এটি ফৌজদারি অপরাধও বটে। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি ঢাকা রেঞ্জের ডিআইজির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

ঢাকা রেঞ্জ জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিষয়ে তারা ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে। জড়িত ব্যক্তি বা চক্র শনাক্ত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কেউ এ ধরনের প্রস্তাব পেলে বা কোনো তথ্য জানলে দ্রুত কাছের থানা বা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে।

Read full story at source