জুলাই হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার আবারও রিমান্ডে

· Prothom Alo

জুলাই আন্দোলন চলার সময়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে (৪৮) আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Visit milkshake.it.com for more information.

গত শুক্রবার এই মামলায় মাঞ্জিল হায়দার চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। আজ সোমবার রিমান্ড শেষে আবার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তিন দিনের রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মার্জিন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ছিলেন মাঞ্জিল হায়দার চৌধুরী। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং অন্যান্য বিষয়ে আংশিক তথ্য প্রদান করেছেন। তাঁর দেওয়া তথ্যসমূহের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের লক্ষ্যে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদসহ তাঁকে নিয়ে অভিযান পরিচালনা করা জরুরি।

আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি আর্থিক সহায়তা, প্রদত্ত নির্দেশনা এবং অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ ও ব্যবহারকারীদের বিষয়ে এজাহারনামীয় ও জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের আংশিক তথ্য দিয়েছেন। মামলার তদন্তের জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করলে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলা চালানো হয়। এতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের শ্যালক আবদুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Read full story at source