জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারেক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার রিমান্ডে

· Prothom Alo

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর দুই সহযোগীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)।

Visit saltysenoritaaz.org for more information.

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের একজন তারেক সিদ্দিকীর গাড়িচালক এবং অন্যজন কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক)। অভিযোগ রয়েছে, তাঁরা তারেক সিদ্দিকীর নির্দেশে আন্দোলনে হামলায় ব্যবহৃত অস্ত্র বহন ও সরবরাহ করতেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও হত্যার উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন এলাকায় তারেক সিদ্দিকীর পক্ষ থেকে অর্থ, অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দিতেন এই আসামিরা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় আব্দুল ওয়াদুদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তদন্ত কর্মকর্তার দাবি, আসামিরা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে এই হামলায় সক্রিয় ভূমিকা পালন করেছেন।

Read full story at source