নেইমারের সঙ্গে মাঠে নামা কে এই বাংলাদেশি শিশু

· Prothom Alo

‘প্রিয় নেইমার জুনিয়র, একজন বাবার কাছে সন্তানের এই আনন্দ দেখাটা সত্যিই দারুণ এক অনুভূতি। ছোট রিদোয়ানের জন্য অনেক অনেক ভালোবাসা। নেইমারের জন্য বাংলাদেশ থেকে ভালোবাসা।’

Visit bettingx.club for more information.

কথাগুলো একটি ফেসবুক পোস্টের। সঙ্গে ছবিও আছে। মেয়েকে কোলে নিয়ে মাঠে নামছেন নেইমার, তাঁর দুই হাত ধরে আরও কয়েক খুদে ফুটবল অনুরাগী, সবার গায়ে সান্তোসের জার্সি। তাদের মধ্যে একটি ছেলের নাম রিদোয়ান। ছেলেটি বাংলাদেশি। বাবার নাম রবিন মিয়া।

এটুকু পড়েই রবিন মিয়াকে চিনে ফেলার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে রবিন মিয়া পরিচিত মুখ। নেইমার এবং তাঁর পরিবারের সঙ্গে রবিনের প্রচুর ছবি এবং ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

কিশোরগঞ্জে জন্ম নেওয়া রবিন মিয়ার দক্ষিণ আমেরিকায় বসবাস বহু আগে থেকে। আজ বাংলাদেশ সময় ভোরে সান্তোস–কুরিতিবা ম্যাচের আগে রবিনের ছেলে রেদোয়ানকে নিয়ে মাঠে নেমেছিলেন নেইমার। সেসব ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ওপরের ওই পোস্টটি দেন রবিন মিয়া।

পোস্টের শেষ লাইন—‘নেইমারের জন্য বাংলাদেশ থেকে ভালোবাসা’—পড়লে মনে হতে পারে রবিন হয়তো বাংলাদেশ থেকে এ স্ট্যাটাস দিয়েছেন। আসলে তা নয়। রবিন মিয়া তখন সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। বাংলাদেশের নেইমারভক্তদের প্রতিনিধি হয়েই কথাটি লেখা। গোলশূন্য সমতায় শেষ হওয়া সান্তোসের ম্যাচের পর রবিন মিয়ার সঙ্গে কথা হলো প্রথম আলোর।

মুঠোফোনে যখন কথা হয়, রবিন তখন সাও পাওলো বিমানবন্দরে। জরুরি কাজে উরুগুয়ে যাবেন। সেখান থেকেই জানালেন, তাঁর ছেলে অর্থাৎ বাংলাদেশি এক খুদে ফুটবলপ্রেমীর নেইমারের সঙ্গে মাঠে নামার পেছনের গল্প।

বাবা রবিন মিয়ার সঙ্গে ছেলে রিদোয়ান

রবিন মিয়ার ভাষায়, ‘আমার ছেলে মাঠে খেলা দেখতে যেতে চাচ্ছিল। অনেকটা বাধ্য হয়েই নেইমারের মা–কে ফোন করি। তিনি বললেন, খুব দ্রুত ওকে (রেদোয়ান) সান্তোসের কিছু একটা পরিয়ে (মাঠে) নিয়ে আসো এবং নিবন্ধন করাও।’

রবিন ছেলেকে নিয়ে মাঠে গেলেন। প্রয়োজনীয় কাজ সারলেন। এরপর আচমকাই আবিষ্কার করলেন তাঁর ছেলে মাঠের ভেতরে, ‘আমি সবে গ্যালারিতে গিয়ে বসেছি। হঠাৎ দেখি, নেইমারের সঙ্গে আমার ছেলে মাঠে নামছে। ভালো লাগার সঙ্গে একটু অবাক তো হয়েছিই। কারণ, অল্পবয়সী এমন অনেকেই মাঠে যায়, সবাই তো নেইমারের সঙ্গে মাঠে নামার সুযোগ পায় না।’

ভৈরবের ছেলে রবিন প্রায় দেড় যুগ ধরে ব্রাজিলে থাকেন। সেখানে তিনি কৃষি ও বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে জড়িত। ২০২০ সালে নেইমার ও তাঁর পরিবারের সঙ্গে পরিচয়ের পর থেকেই তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রবিনের। বর্তমানে এই পরিবারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কেও জড়িত আছেন বলে জানান তিনি।

Read full story at source