পুলিশের ওপর হামলা করে যুবদল নেতাকে ছিনিয়ে নিল সমর্থকেরা, ওসিসহ আহত ৬
· Prothom Alo
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ অস্ত্র মামলার আসামি যুবদলের এক নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সমর্থকেরা। এ সময় হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় যুবদলের ওই নেতার স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
Visit h-doctor.club for more information.
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া শামীম মিয়া (৪২) হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। তাঁর বাড়ি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে। শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাড়ি থেকে অস্ত্র মামলার পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানার পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশকে ঘেরাও করে হামলা চালায়। তারা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে এবং চাকা কেটে দেয়। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা হাতকড়াসহ আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতটি ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। হামলায় রূপগঞ্জ থানার ওসিসহ ৬ পুলিশ আহত হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন, উপপরিদর্শক (এসআই) রৌশন আলী, সিরাজুল ইসলাম, নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ ও শাহদাৎ হোসেন। তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)।
হামলার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করতে গেলে হামলার ঘটনা ঘটে। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদের ক্ষতির অভিযোগে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।