কাল শুরু হচ্ছে পাওয়ার অব শি-র আয়োজনে 'উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন'
· Prothom Alo

রাজধানীর গুলশান এলিট কনভেনশন সেন্টারে আয়োজন করা হচ্ছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। ৯ ও ১০ মে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন।
হাল ফ্যাশন ডেস্ক
দেশীয় সৃজনশীল পণ্যের সুপরিচিত ও পাওয়ার অব শি-এর ‘উদ্যোক্তা হান্ট’-এর বিজয়ী নবীন উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর গুলশান এলিট কনভেনশন সেন্টারে আয়োজন করা হচ্ছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। ৯ ও ১০ মে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন।
Visit chinesewhispers.club for more information.
‘জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব’ এবারের আয়োজনের মূল থিম আর মূল স্লোগান ‘শি লিডস, শি শাইন’। আয়োজনে মূল পৃষ্ঠপোষক জাদুব এবং আইপিডিসি ফাইন্যান্স।
সামিটকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে অংশগ্রহণকারী প্রদর্শকদের নিয়ে পাওয়ার অব শি একটি সমন্বয় সভা আয়োজন করে মিরপুর ১১-এর ঋদ্ধি গ্যালারিতে। এই আয়োজনে উদ্যোক্তাদের স্টল বিন্যাসের জন্য লটারি করা হয়। এছাড়াও দুই দিনের বিস্তারিত কর্মসূচি, বিভিন্ন সেশনের কাঠামো, বক্তা তালিকা, অংশগ্রহণের নিয়মাবলী আর প্রদর্শকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
২০২০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই সামিট নারী উদ্যোক্তাদের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এবারও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা তিনজন সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাকে দেওয়া হচ্ছে বিনা মূল্যে স্টল। এ ছাড়া নির্বাচিত দুজন শিক্ষার্থীকে দেশের সুপরিচিত ও অভিজ্ঞ উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে একজনকে সেরা পারফরম্যান্সের জন্য ব্যবসার পুঁজি হিসেবে দেওয়া হবে ২০হাজার টাকা। এ ছাড়া ময়মনসিংহের উদ্যোক্তা তাসমিয়াকে বিশেষ সম্মাননা হিসেবে ফ্রি স্টল দেওয়া হচ্ছে।
৩৩টি স্টলে উদোক্তারা হাজির হবেন তাঁদের নান্দনিক সব সংগ্রহ নিয়ে। পোশাক, গয়না, ব্যাগসহ অন্যান্য ফ্যাশন অনুষঙ্গের সঙ্গে থাকবে ঘর সাজানোর সামগ্রীও। আর খাবার ছাড়া তো সব আয়োজনই অসম্পূর্ণ। তাই খাবার নিয়ে থাকবে ৬টি স্টল।
দুই দিনের প্রদর্শনী ও সামিটে নারী স্বাস্থ্য, মানসিক সুস্থতা, অর্থনীতি ও উদ্যোক্তা উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞরা অংশ নেবেন। দেশীয় পণ্যের প্রসার, উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কার্যকর নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি বিষয়গুলো আলোচনা হবে।
দু দিনই এই আয়োজনে উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব, সেলিব্রিটি, দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তা, করপোরেট প্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী এবং পেশাজীবীরা।
আয়োজনের প্রথম দিন ৯ মে সকাল ১০টায় প্রদর্শনী শুরু হবে। এসময় উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা স্যাবি এবং হাল ফ্যাশনের কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ এস. কে. সাইফুর রহমান। এদিন ‘নারীর শারীরিক স্বাস্থ্য’ বিষয়ক প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে মডারেটর হিসেবে থাকবেন ডা. শারমিন আব্বাসি এবং কো-মডারেটর হিসেবে ডা. শেইন ফারিয়া শেতু। আলোচনায় অংশ নেবেন প্রফেসর ডা. ফারহানা দেওয়ান, প্রফেসর ডা. সামিনা চৌধুরী, প্রফেসর ডা. সালমা রউফ, প্রফেসর ডা. সালেহা বেগম চৌধুরী, প্রফেসর ডা. কোহিনূর বেগম, প্রফেসর ডা. সাবেরা খাতুন, প্রফেসর ডা. ফাওজিয়া হোসেন এবং ডা. শুরাভি সেলিম।
বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান, উপস্থাপনা করবেন মিডিয়া ব্যক্তিত্ব সুমাইয়া হোসেন। এসময় সম্মানিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কাটা ও স্টল পরিদর্শন করা হবে। বিকেল ‘নারীর চোখে অর্থনীতি’ শীর্ষক প্যানেল আলোচনায় মডারেটর হিসেবে থাকবেন সঙ্গীতা খান। আলোচনায় অংশ নেবেন বিবি রাসেল, ড. মেলিতা মেহজাবিন, ফারজানা খান, প্রফেসর সেলিম জাহান, মামুন রশীদ এবং ব্যারিস্টার ওমর সাদাত। দিনটি শেষ হবে ঢাকা কমিউনিটি ব্যান্ডের লাইভ পরিবেশনার মাধ্যমে।
দ্বিতীয় দিন ১০ মে সকাল ১০টায় পুনরায় প্রদর্শনী শুরু হবে। সকালে ‘মনের কথা খুলে বলুন’ শীর্ষক নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মডারেটর হিসেবে থাকবেন ডা. সিফাত ই সাঈদ এবং প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন প্রফেসর মেহতাব খানম, প্রফেসর ডা. ফারজানা রহমান এবং ডা. সিফাত ই সাঈদ। বিকেল উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে বক্তব্য রাখবেন বিনিয়োগকারী ও শপআপ-এর কো-ফাউন্ডার সিফাত সারওয়ার। সমাপনী অনুষ্ঠানে উপস্থাপনা করবেন মিডিয়া ব্যক্তিত্ব শারমিন এফফাত শামস।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোবেরা রহমান লিনু, মাহিন খান, সঙ্গীতা আহমেদ, লিপি খন্দকার এবং মাইশা রহমান মালিহা। অনুষ্ঠানের সমাপ্তিতে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এতে আবৃত্তি পরিবেশন করবেন ফারজানা করিম এবং সংগীত পরিবেশন করবেন শারমিন রহমান রুমা। দুই দিনব্যাপী এই আয়োজনটি একটি প্রভাবশালী ও অনুপ্রেরণামূলক মিলনমেলায় রূপ নেবে, যেখানে সম্মানিত অতিথিরা জীবনের নানা সংগ্রাম অতিক্রম করা নারীদের অভিজ্ঞতা তুলে ধরবেন। নারী, নেতৃত্ব, স্বাস্থ্য, উদ্যোক্তা ও সৃজনশীলতার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।
ছবি: পাওয়ার অব শি ও হাল ফ্যাশন