আইফোনের অটোকারেক্টে নতুন ভোগান্তি, ক্ষোভ বাড়ছে ব্যবহারকারীদের

· Prothom Alo

আইফোনে দ্রুত ও নির্ভুলভাবে লেখার জন্য চালু করা হয়েছিল অ্যাপলের অটোকারেক্ট সুবিধা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সুবিধাই অনেক ব্যবহারকারীর জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একের পর এক ব্যবহারকারী অভিযোগ করছেন, আইফোনের কি–বোর্ড এখন প্রায়ই সঠিক শব্দ বদলে ভুল শব্দ লিখছে। ফলে বারবার লেখা সংশোধন করতে গিয়ে বিরক্ত হচ্ছেন তাঁরা।

এ সপ্তাহে এক্সে @_sorrengailll নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘অ্যাপলের কি–বোর্ডে কী হচ্ছে, বুঝতে পারছি না। ১৯ বছর ধরে আইফোন ব্যবহার করছি, কিন্তু কখনো এত বেশি ব্যাকস্পেস চাপতে, শব্দ আবার লিখতে বা বাক্য ঠিক করতে হয়নি। অটোকারেক্ট কি এখন আর কাজই করে না?’ পোস্টটি দ্রুতই ব্যাপক সাড়া ফেলে। প্রায় ২০ লাখবার ওই পোস্টটি দেখা হয়েছে। ওই পোস্টের মন্তব্যের ঘরে আরও অনেক ব্যবহারকারী একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একজন মন্তব্য করেন, ‘এখন টাইপ করা মানেই কি–বোর্ডের সঙ্গে লড়াই করা।’ আরেকজন লেখেন, ‘প্রতিবার টাইপ করার সময় মনে হয় ফোনটা যেন আমার সঙ্গে মজা করছে।’

Visit biznow.biz for more information.

সম্প্রতি অ্যাপল আইওএস ২৬.৪ সংস্করণ উন্মুক্ত করে দাবি করেছিল, এতে কি–বোর্ডসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে। তবে ব্যবহারকারীদের সাম্প্রতিক অভিযোগ বলছে, আপডেটের পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। আইফোনে লেখার সুবিধা বাড়াতে মূলত দুটি প্রযুক্তি ব্যবহার করা হয়। এর একটি অটোকারেক্ট। সুবিধাটি টাইপ করার সময় ভুল বানান শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করে। অন্যটি প্রেডিক্টিভ টেক্সট। এ সুবিধা ব্যবহারকারীর আগের কথোপকথন, লেখার ধরন ও সাফারিতে দেখা ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য শব্দ বা পুরো বাক্য সাজেস্ট করে।

ব্যবহারকারীদের অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত আইওএস ২৬.২ সংস্করণের পর থেকেই সমস্যাগুলো বেশি দেখা দিতে শুরু করে। ওই আপডেটে অটোকারেক্ট ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্বাভাস প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হয়। কিন্তু আপডেট প্রকাশের পরপরই অনেক ব্যবহারকারী ভুল শব্দ সংশোধন, অপ্রয়োজনীয় শব্দ পরিবর্তন এবং টাইপিং–সংক্রান্ত নানা সমস্যার অভিযোগ জানান। এ সময় রেডিটে ‘ইটস নট জাস্ট ইউ, দ্য আইওএস কিবোর্ড ইজ ব্রোকেন’ শিরোনামের একটি আলোচনা ব্যাপক জনপ্রিয়তা পায়। সেখানে হাজারো ব্যবহারকারী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরিস্থিতি সামাল দিতে মার্চের শেষে আইওএস ২৬.৪ সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। আপডেটের নোটে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ‘দ্রুত টাইপ করার সময় কি–বোর্ডের নির্ভুলতা উন্নত করা হয়েছে।’ তবে অনেক ব্যবহারকারীর দাবি, বাস্তবে এখনো একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের টাইপিং নিয়ন্ত্রণ করছে। “লাভ” লিখতে গেলে “লিভ” হয়ে যাচ্ছে, আবার অপ্রাসঙ্গিক শব্দও যুক্ত করছে।’ আরেকজনের মতে, ‘ফোন কখনো এমনভাবে শব্দ বদলে দেয় যে সেটি ঠিক করাও কঠিন হয়ে পড়ে। মনে হয় ফোনটাই জোর করে বলছে, সেটিই সঠিক শব্দ।’

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে ব্যবহারকারীরা চাইলে কয়েকটি উপায়ে অটোকারেক্ট–সংক্রান্ত সমস্যা কিছুটা কমাতে পারেন।

কোনো নির্দিষ্ট শব্দ বারবার ভুলভাবে পরিবর্তিত হলে সেটি ম্যানুয়ালি ঠিক করার সুযোগ রয়েছে। এ জন্য সেটিংস থেকে জেনারেলে গিয়ে কি–বোর্ড অপশনে যেতে হবে। এরপর টেক্সট রিপ্লেসমেন্ট অপশনে গিয়ে ভুল শব্দ ও সঠিক শব্দ যুক্ত করতে হবে। এরপর আইফোন সেই সংশোধন মনে রাখবে। এ ছাড়া কি–বোর্ড ডিকশনারি রিসেট করেও সমস্যা সমাধানের চেষ্টা করা যায়। এ জন্য সেটিংসে গিয়ে রিসেট আইফোন অপশনে যেতে হবে। এরপর রিসেট কি–বোর্ড ডিকশনারি অপশন ব্যবহার করতে হবে। সমস্যা বেশি হলে অটোকারেক্ট সুবিধা পুরোপুরি বন্ধও করে দেওয়া সম্ভব। এ জন্য সেটিংসে গিয়ে জেনারেল অপশনে যেতে হবে। এরপর কি–বোর্ডে গিয়ে অটোকারেকশন অপশন বন্ধ করতে হবে।

সূত্র: ডেইলি মেইল

Read full story at source