জলবিদ্যুৎ উৎপাদনে যান্ত্রিক শক্তির রূপান্তর হয়

· Prothom Alo

পদার্থবিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: কোন ক্ষেত্রে স্থিতি ঘর্ষণ উৎপন্ন হয়—ব্যাখ্যা করো।
উত্তর: 
দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না বলে এদের মধ্যে স্থিতি ঘর্ষণ সৃষ্টি হয়। অর্থাৎ যখন কোনো একটি বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়, তখন যদি এ বল বস্তুর গতি সৃষ্টি করতে না পারে, তাহলে স্থিতি ঘর্ষণ কাজ করে। যেমন মেঝের ওপর অবস্থিত একটি ভারী বস্তুকে টানার পরও গতিশীল না হলে যে ঘর্ষণ বল উৎপন্ন হয় এবং গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এ বল কাজ করে।

Visit asg-reflektory.pl for more information.

প্রশ্ন: জলবিদ্যুৎ উৎপাদনে যান্ত্রিক শক্তির রূপান্তর কীভাবে ঘটে—ব্যাখ্যা করো।
উত্তর: 
জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে প্রাকৃতিক হ্রদ বা কৃত্রিমভাবে প্রস্তুত হ্রদের পানিতে সঞ্চিত বিভব শক্তি কাজে লাগানো হয়। সাধারণত এ হ্রদগুলো ভূসমতল থেকে অনেক উচ্চে অবস্থান করে। হ্রদের পানি যখন পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসে, তখন ওই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।

প্রশ্ন: এক অশ্বক্ষমতা বলতে কী বোঝায়?
উত্তর: 
অশ্বক্ষমতা হলো এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক এককের নাম। কোনো যন্ত্র বা ব্যক্তি 550 পাউন্ড ভরসম্পন্ন কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উল্লম্বভাবে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে পারলে তার ক্ষমতাকে 1 অশ্বক্ষমতা বলে। অশ্বক্ষমতাকে সাধারণত HP (Horse Power) দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন: বিভব শক্তি বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে—ব্যাখ্যা করো।
উত্তর: 
m ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় ওঠাতে কৃতকাজই হচ্ছে বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাপ।
আমরা জানি,
বিভব শক্তি = বস্তুর ওজন × উচ্চতা 

সমীকরণ থেকে দেখা যায়, উচ্চতা যত বেশি হবে বস্তুর বিভব শক্তিও তত বেশি হবে। অতএব, আমরা বলতে পারি, বিভব শক্তি বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে।


এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Read full story at source