মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী
· Prothom Alo

বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক পরিবর্তন আর পোস্টপার্টাম সংগ্রাম নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না এই অভিনেত্রী। এক পডকাস্টে হাজির হয়ে তিনি জানান, মা হওয়ার পর তাঁর জীবন পুরোপুরি বদলে গেছে। এমনকি নিজের পরিচয় নিয়েও নতুন করে ভাবতে শিখেছেন তিনি।
Visit mchezo.co.za for more information.
গত বছর জুলাইয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথম সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন কিয়ারা। কন্যাসন্তানের আগমনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে তাঁরা লিখেছিলেন, ‘আমাদের হৃদয় এখন পূর্ণ। আমাদের পৃথিবী চিরদিনের জন্য বদলে গেছে। আমরা কন্যাসন্তানের মা–বাবা হয়েছি।’
এর পর থেকেই মাতৃত্বের নতুন অধ্যায়ে ডুবে আছেন অভিনেত্রী। তবে এই যাত্রা যে শুধু আনন্দের ছিল না, সেটিও এবার অকপটে স্বীকার করলেন তিনি।
‘এটা এক বিশাল পরিচয়-পরিবর্তন’
সম্প্রতি উদ্যোক্তা ও পডকাস্ট সঞ্চালক রাজ শামানির অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন কিয়ারা। সেখানে পোস্টপার্টাম বা সন্তান জন্মের পর নারীদের মানসিক ও শারীরিক পরিবর্তনের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘পোস্টপার্টাম নিয়ে কেউ কথা বলে না। অথচ বিষয়টি নিয়ে আরও বেশি কথা বলা উচিত। মা হওয়া মানে এক বিশাল পরিচয়-পরিবর্তন। এটা সম্পূর্ণ নতুন একটা পৃথিবী। আর সেই সময় নিজেকে সময় দেওয়া, নিজেকে ক্ষমা করতে শেখা খুব কঠিন।’
কিয়ারা জানান, এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তাঁর ছয় মাস সময় লেগেছে। এই সময়টায় তিনি নিজেকে শুধু একটি কথাই বলে গেছেন—নিজের প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে।
কিয়ারা বলেন, ‘তুমি সবার জন্য এত কিছু করো যে নিজের সঙ্গে সম্পর্কটার কথা ভুলে যাও। নিজের জন্য কী দরকার, সেটাও ভাবা হয় না। আমার পুরো জীবনটাই ছিল অন্যদের ঘিরে। কিন্তু সন্তান জন্মের পর প্রথমবার নিজের সঙ্গে সম্পর্কটা লালন করার সময় পেয়েছি।’
কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকিয়ারা আরও বলেন, ‘সবাই মূলত বাচ্চাকে নিয়েই বেশি ভাবে। সে ঘুমোচ্ছে কি না, ঠিক আছে কি না, ডায়াপার বদলানো, বাচ্চাকে স্নান করানো—এসব নিয়েই প্রথম কয়েকটা মাস কেটে যায়। সেই সময় আমি এমন একজন মানুষকে পাশে চেয়েছিলাম, যে কোনো উপদেশ না দিয়ে আমার কথাটুকু শুনবে। অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে।’ তিনি স্বীকার করেন, সন্তান জন্মের প্রথম দিকে খুব ছোট ছোট বিষয়েও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়তেন। মা হওয়ার পর এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন কান্নায় ভেঙে পড়তেন কিয়ারা।
কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে‘৩৪ বছর পর সীমারেখা টানতে শিখেছি’
মাতৃত্ব তাঁকে নিজের ভেতরের অনেক কিছু নতুনভাবে চিনতে সাহায্য করেছে বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘৩৪ বছর পর আমি সীমারেখা টানতে শিখেছি। নিজেকে সব সময় সমালোচনা করা বন্ধ করতে শিখেছি। ভয়কে গুরুত্ব না দিতে শিখেছি। গত ছয় মাসে আমাকে নিজেকেই এসব শেখাতে হয়েছে।’
অভিনেত্রীর মতে, সন্তান জন্মের পর একজন নারীর ব্যক্তিত্ব, মানসিকতা, জীবনবোধ—সবকিছুই বদলে যায়। তিনি বলেন, ‘মা হওয়ার পর আপনার ভেতরের সবকিছু বদলে যায়।’
কন্যাসন্তানকে আড়ালেই রাখতে চান
গত বছর সন্তান জন্মের খবর প্রকাশের পর থেকেই কিয়ারা ও সিদ্ধার্থ ফটোগ্রাফারদের কাছে অনুরোধ করেছিলেন, যেন তাঁদের নবজাতকের ছবি তোলা না হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের নামও প্রকাশ করেন তাঁরা। তাঁদের কন্যার নাম রাখা হয়েছে ‘সারায়াহ মালহোত্রা’।
২০২৩ সালে জয়সলমীরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়েই তাঁদের সম্পর্ক গভীর হয়।
সামনে মুক্তি পাচ্ছে ‘টক্সিক’
মাতৃত্বের পাশাপাশি ধীরে ধীরে কাজেও ফিরছেন কিয়ারা আদভানি । বর্তমানে তিনি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে আরও আছেন যশ, নয়নতারা, হুমা কুরেশি।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে