বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে মুক্তি পেল তৃষার ছবি, কী বলছেন ভক্তরা
· Prothom Alo

দীর্ঘ প্রতীক্ষা, মুক্তি-জট আর ব্যক্তিজীবনের গুঞ্জন—সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে এসেছে ‘কারুপ্পু’। আর মুক্তির পর থেকেই তামিল সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে রয়েছে ছবিটি। একদিকে যেমন সিনেমাটির গল্প, অভিনয় ও আবহের প্রশংসা করছেন দর্শক-সমালোচকেরা। অন্যদিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনও ছবিটিকে বাড়তি আলোচনায় এনে দিয়েছে।
বিশেষ করে বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা ‘কারুপ্পু’–কে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দেয়। ছবির প্রথম দিনের প্রদর্শনীতে তৃষাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, বিজয়কে নিয়ে প্রশ্ন, আর তাঁর লাজুক হাসি—এসব মুহূর্ত মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
তবে ব্যক্তিজীবনের গুঞ্জনের বাইরে গিয়ে ‘কারুপ্পু’ এখন মূলত আলোচিত হচ্ছে তার বিষয়বস্তু আর বাণিজ্যিক সাফল্যের জন্য।
বহু বাধা পেরিয়ে মুক্তি
পরিচালক আরজে বালাজি পরিচালিত ‘কারুপ্পু’ মুক্তির আগেই একাধিকবার পিছিয়েছে। প্রথমে ২০২৫ সালের দীপাবলিতে মুক্তির কথা থাকলেও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। পরে তামিলনাড়ুয় নির্বাচনের কারণে আবারও মুক্তি স্থগিত করা হয়।
Visit asg-reflektory.pl for more information.
এরপর মুক্তির সপ্তাহেও তৈরি হয় নতুন সংকট। প্রযোজক ও অর্থলগ্নিকারীদের আর্থিক জটিলতায় ছবিটির সকাল ও দুপুরের বেশ কিছু শো বাতিল হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করেন, টিকিট বুকিং খুললেও পরে শো বাতিল করা হয়েছে।
এই পরিস্থিতিতে পরিচালক আরজে বালাজি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে লেখেন, ‘এই সিনেমা শুরু থেকেই বাধার মুখে ছিল। ৩২ মাস ধরে লড়াই করে এখানে পৌঁছেছি। এবারও বিশ্বাস রাখছি, সব ঠিক হবে।’
‘কারুপ্পু’ সিনেমার পোস্টারে তৃষা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেপুরোনো জুটির নতুন প্রত্যাবর্তন
‘কারুপ্পু’র সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি ছিল সুরিয়া ও তৃষার পুনর্মিলন। ২০০৫ সালের ‘আরু’র পর এই প্রথম আবার একসঙ্গে পর্দায় দেখা গেল জনপ্রিয় এই জুটিকে।
ছবিতে তৃষা অভিনয় করেছেন আইনজীবী প্রীতির চরিত্রে। আর সুরিয়া হয়েছেন সরবনন, যিনি ধীরে ধীরে এক রহস্যময় শক্তির প্রতীক হয়ে ওঠেন। গল্পে তাঁকে অনেকটা লোকদেবতা কারুপ্পাসামির আধুনিক প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে।
ছবির গল্প আবর্তিত হয়েছে এক বাবা-মেয়েকে ঘিরে। বছরের পর বছর ধরে আদালতে ঘুরেও ন্যায়বিচার না পাওয়া এই পরিবারের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে এক দুর্নীতিগ্রস্ত আইনজীবীর কারণে। সেই চরিত্রে অভিনয় করেছেন পরিচালক আরজে বালাজি নিজেই। পরে সুরিয়ার চরিত্র এসে তাঁদের লড়াইয়ে নতুন মোড় আনে।
দর্শকের প্রশংসা, সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া
মুক্তির পর থেকেই ‘কারুপ্পু’ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শকদের অনেকেই বলছেন, এটি শুধু অ্যাকশনধর্মী সিনেমা নয়; বরং সামাজিক অবিচার, আইনি জটিলতা ও ক্ষমতার অপব্যবহারের গল্পও।
সমালোচকেরা বিশেষভাবে প্রশংসা করেছেন ছবির আবহসংগীত, সিনেমাটোগ্রাফি ও সুরিয়ার উপস্থিতিকে। সংগীত পরিচালক সাই অভয়ংকরের আবহসংগীত ছবির আবেগ ও রহস্যকে আরও গভীর করেছে বলে মত তাঁদের। চিত্রগ্রাহক জি কে বিষ্ণুর কাজও প্রশংসিত হচ্ছে।
তৃষার অভিনয় নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। বিশেষ করে আদালতের দৃশ্যগুলোয় তাঁর সংযত অভিনয় ও আবেগ প্রকাশ দর্শকদের নজর কাড়ছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর তৃষাকে এত শক্তিশালী চরিত্রে দেখা গেল।
তবে ছবির দৈর্ঘ্য নিয়ে কিছু সমালোচনাও আছে। কয়েকজন সমালোচকের মতে, দ্বিতীয়ার্ধ কিছুটা দীর্ঘ মনে হতে পারে। কিন্তু শেষের আবেগঘন অংশ ও অ্যাকশন দৃশ্য সেই দুর্বলতা অনেকটাই ঢেকে দিয়েছে।
বক্স অফিসে শক্ত অবস্থান
মুক্তির আগেই ‘কারুপ্পু’ অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় করেছিল প্রায় ৭ কোটি ২০ লাখ রুপি। তামিলনাড়ুর বিভিন্ন শহরে প্রথম দিনের বেশির ভাগ শো হাউসফুল যায়।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, শুরুতে মুক্তি সংকট না থাকলে প্রথম দিনের আয় আরও বেশি হতে পারত। তারপরও ছবিটি সপ্তাহান্তে শক্ত অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে সুরিয়া-তৃষা জুটির জনপ্রিয়তা দক্ষিণ ভারতের বাইরে তেলুগু ও কেরালা বাজারেও ছবিটির প্রতি আগ্রহ তৈরি করেছে।
ব্যক্তিজীবনের গুঞ্জনও আলোচনায়
সিনেমার পাশাপাশি তৃষাকে ঘিরে ব্যক্তিগত আলোচনাও থামছে না। সম্প্রতি বিজয়ের শপথ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি, বিজয়ের মায়ের সঙ্গে আলিঙ্গন এবং ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও নতুন করে সম্পর্কের গুঞ্জন উসকে দেয়।
‘কারুপ্পু’র প্রথম দিনের প্রদর্শনী শেষে এক ভক্ত তাঁকে বলেন, ‘থালাপতিকে বলবেন, আমি খোঁজ নিয়েছি।’ জবাবে তৃষার হাসিমাখা ‘কান্ডিপা’ (অবশ্যই) সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
যদিও এই সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি, তবু এই গুঞ্জন ছবিটির প্রচারে বাড়তি প্রভাব ফেলেছে বলেই মনে করছেন অনেকে।
ডেকান ক্রনিকল, ইন্ডিয়া টুডে অবলম্বনে