ভাইরাল বানর পাঞ্চের খাঁচায় অনুপ্রবেশে জাপানে দুই মার্কিন নাগরিক আটক

· Prothom Alo

জাপানের পুলিশ দুই মার্কিন নাগরিককে আটক করেছে। তাঁদের একজন চিড়িয়াখানার একটি খাঁচার ভেতর ঢুকেছিলেন। অন্যজন সে ঘটনার ভিডিও করছিলেন। খাঁচাটি পাঞ্চ নামের একটি ম্যাকাক বানরের। এই বানরছানার বয়স মাত্র ৯ মাস। পাঞ্চ ইন্টারনেটে অনেক জনপ্রিয়। টোকিওর ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার কাজে বাধা দেওয়ায় পুলিশ তাঁদের আটক করে।

পাঞ্চ বানরছানাটি এই চিড়িয়াখানার এখন প্রধান আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী তাকে দেখতে আসেন। জন্মের পরপরই পাঞ্চের মা তাকে ফেলে চলে যায়। এরপর একা হয়ে যাওয়া ছানাটি একটি ওরাংওটাং খেলনাকে নিজের সঙ্গী বানায়। এই বছর খেলনাটি কোলে নিয়ে তার একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই পাঞ্চ বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে।

Visit palladian.co.za for more information.

ইচিকাওয়ার পুলিশ আটক হওয়া ওই দুই ব্যক্তিকে শনাক্ত করেছে। তাঁদের একজন ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেইড জাহনাই ডেইসান। অন্যজন ২৭ বছর বয়সী গায়ক নিল জাবাহরি ডুয়ান। তবে পুলিশ তাঁদের সম্পর্কে এর বেশি কোনো তথ্য দেয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের কাছ থেকে খাঁচাটিকে আলাদা রাখতে চারপাশে একটি বেড়া দেওয়া আছে। ডেইসান সেই বেড়া টপকে ভেতরে ঢুকেছিলেন। আর ডুয়ান সেই দৃশ্য ভিডিও করছিলেন।

নিঃসঙ্গ বানরছানা পাঞ্চ ও একটি খেলনা ওরাংওটাংয়ের গল্প

পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ১৯ মে মঙ্গলবার প্রসিকিউটররা এ ব্যাপারে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করেছেন।

ঘটনাটির ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বেড়া টপকে পাঞ্চের খাঁচায় নামছেন। তাঁর মুখ একটি হাসিমুখের ইমোজি দিয়ে ঢাকা ও গায়ে ছিল নীল স্যুট। ওই খাঁচায় প্রায় ৫০টি ম্যাকাক বানর রয়েছে। তাঁর পরা পোশাকটি দেখতে একটি ক্রিপ্টোকারেন্সি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাসকটের মতো লাগছিল। খাঁচায় ঢোকা ওই ব্যক্তির হাতে একই রকম পোশাক পরা একটি নরম খেলনাও দেখা গেছে।

প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী তাকে দেখতে আসেন

ভিডিওগুলোয় দেখা যায়, বানরগুলো ওই ব্যক্তির কাছ থেকে ভয়ে দৌড়ে পালাচ্ছে। তারা খাঁচার ভেতরে থাকা একটি কৃত্রিম পাথরের ওপরে গিয়ে আশ্রয় নেয়। প্রায় এক মিনিট পর চিড়িয়াখানার এক কর্মী এসে ওই ব্যক্তিকে খাঁচা থেকে বের করে নিয়ে যান।

ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা গত রোববার বিষয়টি পুলিশকে জানান। গত সোমবার এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলে, ‘এ ঘটনার কারণে সৃষ্ট উদ্বেগের জন্য আমরা দুঃখিত। তবে ভালো খবর হলো, বানরগুলোর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ বা সমস্যা দেখা যায়নি।’

নিঃসঙ্গ বানরছানা পাঞ্চের মতো যেসব প্রাণী খেলনার সঙ্গে বড় হচ্ছে

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গতকাল থেকে পাঞ্চের খাঁচার বাইরের দৃশ্য দেখার সুযোগ সীমিত করবে। দর্শনার্থীরা যেন হুট করে খাঁচার কাছে যেতে না পারেন, সে জন্য সেখানে অনুপ্রবেশ প্রতিরোধক জাল বসানো হবে। একই সঙ্গে খাঁচার সুরক্ষায় সার্বক্ষণিক নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও চালু করা হবে। বোঝাই যাচ্ছে, কত জনপ্রিয় হয়েছে পাঞ্চ।

ছোট্ট পাঞ্চ সারাক্ষণ এই খেলনা পুতুল শক্ত করে জড়িয়ে ধরে রাখে

চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, গত বছরের জুলাইয়ে পাঞ্চের জন্ম হয়। কিন্তু জন্মের কিছুদিন পরেই ওর মা তাকে ফেলে চলে যায়। ধারণা করা হয়, তীব্র তাপপ্রবাহের মধ্যে কঠিন প্রসব বেদনার কারণেই মা বানরটি এমন আচরণ করেছিল। এরপর চলতি বছরের জানুয়ারিতে পাঞ্চকে ওর নিজের দলের অন্য বানরদের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু মায়ের কাছ থেকে কিছু না শেখা থাকায় দলের সঙ্গে মানিয়ে নিতে ওর বেশ কষ্ট হচ্ছিল। সে প্রায়ই একা একা খেলা করত।

তবে ইন্টারনেটের কারণে পাঞ্চ এখন রীতিমতো তারকা। তাকে নিয়ে বাজারে টিম পাঞ্চ লেখা টি–শার্ট, সোশ্যাল মিডিয়ার স্টিকার ও খেলনা অ্যাকশন ফিগার তৈরি হয়েছে। বিশ্বজুড়ে ওর অসংখ্য ভক্ত রয়েছে। তাঁরা খাঁচার ভেতর পাঞ্চের খাওয়া, ঘুমানো ও খেলার ছোট ছোট ভিডিও ক্লিপ প্রতিনিয়ত অনলাইনে শেয়ার করেন।

ছোট্ট পাঞ্চ এখন চিড়িয়াখানার প্রধান আকর্ষণ। তাই নিরাপত্তার কথা ভেবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মূলত ভবিষ্যতে যাতে আর কেউ এমন বিপজ্জনক কাজ করার সাহস না পায়, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: এনবিসি নিউজ, নিউইয়র্ক টাইমসকিন্ডারগার্টেনের শিক্ষক যেভাবে দুই শ রাজ পেঙ্গুইন সংরক্ষণ করলেন

Read full story at source