জ্ঞান বৃদ্ধির জন্য নবীজির দেখানো ১০ উপায়
· Prothom Alo

সাফল্যের অন্যতম প্রধান সোপান হলো ক্রমাগত শিক্ষা ও জ্ঞানার্জন। জ্ঞানহীন মানুষ অন্ধের মতো, যে গন্তব্যে পৌঁছানোর সঠিক পথ খুঁজে পায় না। মহানবী (সা.)-এর কাছে আসা প্রথম ওহি ছিল—‘পড়ো’।
তিনি শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং জাগতিক জ্ঞান, ভাষা এবং কারিগরি দক্ষতা অর্জনের ওপরও সমান গুরুত্ব দিয়েছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে তাঁর বলা ১০টি উপায় তুলে ধরা হলো:
Visit tr-sport.click for more information.
১. জ্ঞানার্জন বাধ্যতামূলক মনে করা
সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক দায়িত্ব।
রাসুল (সা.) বলেছেন, “জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ (অবশ্যপালনীয়)।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৪)
২. আজীবন শিক্ষার মানসিকতা
শেখার কোনো বয়স বা সীমা নেই। নবীজি (সা.) দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণের প্রেরণা দিয়েছেন এবং উপকারী জ্ঞানের জন্য সব সময় দোয়া করতেন।
রাসুল (সা.) বলতেন, “হে আল্লাহ! আমাকে এমন জ্ঞান দিন, যা আমার উপকারে আসবে এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৫১)
ইবাদতে আত্মিক প্রশান্তি পেতে মহানবীর ১০ দর্শন৩. ভাষার দক্ষতা অর্জন
সাফল্যের একটি বড় মাধ্যম হলো যোগাযোগ। নবীজি (সা.) তাঁর সাহাবিদের ভিনদেশি ভাষা শেখার জন্য উৎসাহিত করতেন, যাতে আন্তর্জাতিক যোগাযোগ সহজ হয়।
হজরত জায়েদ ইবনে সাবিত (রা.) বলেন, “নবীজি আমাকে ইহুদিদের ভাষা (হিব্রু ও সিরিয়াক) শেখার নির্দেশ দিয়েছিলেন। ফলে আমি মাত্র ১৫ দিনে তা শিখে ফেলি।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৭১৫)
৪. অন্যের মেধার সম্মান করা
একজন সফল নেতা বা মানুষের গুণ হলো অন্যের মেধার মূল্যায়ন করা। নবীজি (সা.) বদর যুদ্ধের শিক্ষিত যুদ্ধবন্দীদের মুক্তিপণের বিনিময়ে মদিনার শিশুদের অক্ষরজ্ঞান শেখানোর দায়িত্ব দিয়েছিলেন। (আলি মুহাম্মদ সাল্লাবি, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ১/৫৪৭, দারুল মা’রিফাহ, বৈরুত, ২০০৪)
৫. হাতে-কলমে শিক্ষা
তাত্ত্বিক জ্ঞানের চেয়ে ব্যবহারিক বা হাতে-কলমে শেখা কাজের গুণগত মান বাড়ায়। নবীজি (সা.) সাহাবিদের বিভিন্ন কারিগরি ও সমরবিদ্যা হাতে-কলমে শিখিয়েছেন। বলেছেন, “তোমরা তির নিক্ষেপ করা শেখো এবং অশ্বারোহণ শেখো।” (সুনানে আবু দাউদ, হাদিস: ২৫১৩)
৬. অজানাকে জানার কৌতূহল
অহংকারবশত প্রশ্ন না করা বা শেখার সুযোগ হারানো সাফল্যের অন্তরায়। নবীজি (সা.) সাহাবিদের প্রশ্ন করার সুযোগ দিতেন এবং নিজেও প্রশ্ন করে তাঁদের মেধা যাচাই করতেন।
তিনি একবার জিজ্ঞেস করলেন, “বলো তো, এমন একটি গাছ আছে, যার পাতা ঝরে না এবং যা মুসলিমের উদাহরণ?” সাহাবিরা উত্তর দিতে পারলেন না, তখন তিনি নিজেই শিখিয়ে দিলেন—“সেটি হলো খেজুরগাছ।” (সহিহ বুখারি, হাদিস: ৬১)
সফল উদ্যোক্তার জন্য মহানবী (সা.)–এর ১০ উপদেশ৭. সৃজনশীল সমাধান ও বুদ্ধিবৃত্তি
প্রথাগত চিন্তার বাইরে গিয়ে নতুন কোনো আইডিয়া গ্রহণ করা নবীজি (সা.)-এর অন্যতম বৈশিষ্ট্য ছিল। খন্দকের যুদ্ধে সালমান ফারসি (রা.)-এর পরামর্শে পরিখা খননের সিদ্ধান্ত ছিল এক অনন্য সৃজনশীল রণকৌশল। (আলি মুহাম্মদ সাল্লাবি, ফাসলুল খিতাব ফি সিরাতি আমিরিল মুমিনিন উমার ইবনিল খাত্তাব, ১/২৪৫-২৪৬, দার ইবনে কাসির, বৈরুত, ২০০২)
৮. নোট নেওয়া বা লিখে রাখা
স্মৃতিশক্তির ওপর শুধু নির্ভর না করে গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখা সফলতার একটি বড় কৌশল। নবীজি (সা.) সাহাবিদের জ্ঞান লিখে রাখার অনুমতি দিয়েছিলেন।
তিনি এক আনসারী সাহাবির উদ্দেশে বলেছিলেন, “তুমি তোমার ডান হাতের সাহায্য নাও (অর্থাৎ লিখে রাখো)।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৬৬৬)
৯. বিনয় ও শিক্ষক-ছাত্রের মর্যাদা
জ্ঞান অর্জন করতে হলে বিনয়ী হতে হয়। নবীজি (সা.) নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতেন এবং ছাত্রদের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু।
তিনি বলেছেন, “নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৯)
১০. অর্জিত জ্ঞানের প্রচার ও প্রয়োগ
সাফল্য তখনই সার্থক হয় যখন অর্জিত জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করা হয় এবং অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।
রাসুল (সা.) বিদায় হজের ভাষণে বলেছিলেন, “উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো পৌঁছে দেয়।” (সহিহ বুখারি, হাদিস: ৬৭)
রাসুলের জ্ঞানভিত্তিক এই দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং জীবনমুখী শিক্ষা এবং সৃজনশীলতাই প্রকৃত অগ্রগতির চাবিকাঠি। যে জাতি জ্ঞানে সমৃদ্ধ, তারাই পৃথিবীতে নেতৃত্ব দেয়।
ব্যবসায় যে ১০ কাজ ইসলামে নিষেধ