প্রত্যন্ত চরাঞ্চলে মরিচখেতে ১০ ফুট উচ্চতার গাঁজাগাছ, পুলিশের অভিযান
· Prothom Alo

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মরিচখেত থেকে প্রায় ১০ ফুট উঁচু একটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Visit forestarrow.rest for more information.
আজ শনিবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই চর এলাকার বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে গাঁজাগাছটি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন (মুন)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ইউসুফ মিয়া তাঁর মরিচখেতের মধ্যে গাঁজাগাছটি রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করছিলেন। গাছটির উচ্চতা প্রায় ১০ ফুট। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাছটি জব্দ করে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুধকুমার নদের বিচ্ছিন্ন চরাঞ্চলে অবস্থিত ওই এলাকায় গাছটি প্রায় দুই বছর ধরে বেড়ে উঠছিল। অভিযানের খবর পেয়ে ইউসুফ মিয়া পালিয়ে যান। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় এ ধরনের অবৈধ চাষে জড়িয়ে পড়েন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাগাছটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, এলাকায় অন্য কোথাও গাঁজার চাষ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।