এমআরআইয়ের আদলে ৬০ সেকেন্ডে পুরো শরীর স্ক্যান করার নতুন প্রযুক্তি

· Prothom Alo

রোগনির্ণয়ের অত্যাধুনিক পরীক্ষার পদ্ধতি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিংয়ের (এমআরআই) আদলে পুরো শরীর স্ক্যান করার নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে এআই ছবি নির্মাতা মিডজার্নি। প্রতিষ্ঠানটির দাবি, ‘মিডজার্নি স্ক্যানার’ নামের বডি স্ক্যান প্রযুক্তিটি মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে পুরো শরীর স্ক্যান করতে পারে। শুধু তা–ই নয়, নতুন এই প্রযুক্তি অনেক ক্ষেত্রে এমআরআইয়ের কাছাকাছি মানের ফলাফল দিতে পারে। স্ক্যানারটির কার্যকারিতা বর্তমানে পরীক্ষা করা হচ্ছে।

মিডজার্নির তথ্য অনুযায়ী, মিডজার্নি স্ক্যানারের মাধ্যমে পুরো শরীর স্ক্যান করার জন্য রোগীকে একটি বিশেষ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। এরপর প্ল্যাটফর্মটি ধীরে ধীরে পানির নিচে নামার সময় একটি বৃত্তাকার কাঠামোর মধ্য দিয়ে অতিক্রম করবে। কাঠামোটিতে প্রায় পাঁচ লাখ সেন্সর রয়েছে। প্রতিটি সেন্সর একই সঙ্গে স্পিকার ও মাইক্রোফোন হিসেবে কাজ করে। এসব সেন্সর শরীরের বিভিন্ন অংশে আলট্রাসাউন্ড তরঙ্গ পাঠাবে এবং ফিরে আসা সংকেত সংগ্রহ করবে। সংগৃহীত তথ্যগুলো বিশ্লেষণ করে শরীরের পেশি, চর্বি, হাড় ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের বিস্তারিত ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করবে স্ক্যানারটি।

Visit freshyourfeel.org for more information.

স্ক্যানারটি তৈরিতে সহযোগিতা করেছে আলট্রাসাউন্ড প্রযুক্তিপ্রতিষ্ঠান বাটারফ্লাই নেটওয়ার্ক। মিডজার্নি জানিয়েছে, স্ক্যানারটিতে ৪০টি ‘আলট্রাসাউন্ড–অন–চিপ’ ইমেজিং মডিউল ব্যবহার করা হয়েছে। স্ক্যানারটি এক সেকেন্ডে যে পরিমাণ তথ্য সংগ্রহ করে, তা দিয়ে প্রায় ৫০০ ঘণ্টার উচ্চ রেজুলিউশনের ভিডিও তৈরি করা সম্ভব। স্ক্যানের মাধ্যমে পাওয়া মূল চিত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিশ্লেষণ করা ফলাফল পাশাপাশি দেখার সুযোগ থাকায় শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা সহজে শনাক্ত করা যাবে।

মিডজার্নির তথ্যমতে, স্ক্যানারটি শব্দতরঙ্গ ও পানির সাহায্যে কাজ করে। ফলে কোনো ধরনের বিকিরণ হয় না। আর তাই প্রযুক্তিটি তুলনামূলকভাবে নিরাপদ। নতুন স্ক্যানারটির বিষয়ে মিডজার্নির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোলজ বলেন, উদ্যোগটি কিছুটা অপ্রচলিত হলেও চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। মিডজার্নি স্ক্যানার মূলত আলট্রাসাউন্ড প্রযুক্তিনির্ভর একটি ব্যবস্থা।

সূত্র: ইন্ডিয়া টুডে

Read full story at source