সাপের কামড়ে আহত তরুণকে নেওয়া হয় ওঝার কাছে, ৮ ‍ঘণ্টা পর মৃত্যু

· Prothom Alo

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর গোখরা সাপের কামড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তিনি আহত হন। পরে তাঁকে সাতকানিয়া উপজেলার দুই ওঝার কাছে নেওয়া হয়।

নিহত তরুণের নাম সোহান উদ্দিন(১৯)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান গ্রামের জহির উদ্দিনের ছেলে।

Visit bettingx.club for more information.

স্থানীয় সূত্র জানায়, সোহানের বসতবাড়ি কৃষিজমির মধ্যে। গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় তাঁকে একটি বিষধর গোখরা সাপ কামড় দেয়। এরপর তিনি ওই সাপটি মেরে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে সাতকানিয়া উপজেলার দুজন ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে ঝাড়ফুঁক দেওয়ার পর তাঁকে গতকাল রাতেই বাড়িতে আনা হয়। তবে সকালে তাঁর অবস্থার অবনতি হলে লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহানের চাচা বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ওঝার কাছে নেওয়ার পরও সোহানের অবস্থার উন্নতি হয়নি। পরে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ বেলা দুইটার দিকে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে সচেতনতার অভাবে অনেকে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের স্বজনেরা হাসপাতালে না এনে ওঝার কাছে নেন। বিষধর সাপ না হলে কোনো চিকিৎসা ছাড়াই ওই রোগীরা সুস্থ হয়ে যান। আর স্বজনেরা ভাবেন, ওঝার ঝাড়ফুঁকে ভালো হয়ে গেছে। বিপদটা তখনই হয়, যখন বিষধর সাপ কামড়ায়। তাই রোগীকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব হাসপাতাল আনতে হবে।’

Read full story at source