জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: অধিকার কমিটি
· Prothom Alo

জুলাই গণ-অভ্যুত্থানের নিপীড়ন ও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সব ধরনের মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেছে, বিচারের নামে মিথ্যা মামলা, ত্রুটিপূর্ণ বিচারপ্রক্রিয়া, আটক বাণিজ্য প্রকৃত অপরাধীদের বিচারের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। অপরাধীদের যথাযথ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভায় এসব কথা বলা হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিসহ ‘জাতীয় স্বার্থবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে ১৭ জুলাই বেলা সাড়ে তিনটায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করবে অধিকার কমিটি।
Visit somethingsdifferent.biz for more information.
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকার কমিটির গতকালের সভায় দেশে ক্রমবর্ধমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় হেফাজতে খুনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গত ২৪ জুন খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ কর্মী ববিন ত্রিপুরা খুন এবং মাটিরাঙ্গা, রামগড় ও গুইমারায় রাজনৈতিক ধরপাকড়ের নিন্দা জানান অধিকার কমিটির নেতারা।
সম্প্রতি গাজীপুরে পোশাকশ্রমিক রুবিনা বেগমের মৃত্যু সম্পর্কে অধিকার কমিটির নেতারা সভায় বলেছেন, রুবিনা বেগম কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কারখানার অবহেলায় ছুটি না পেয়ে মৃত্যুবরণ করেন। তাঁরা বলেন, গাজীপুরে সাত পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে, ছাঁটাইয়ের কারণে এবং কারখানার অবহেলাজনিত শ্রমিকের মৃত্যুবরণের ঘটনায় বিক্ষোভ চলমান রেখেছেন। কারখানার অবহেলার কারণে শ্রমিকের মৃত্যুর ঘটনার বিচার এবং শ্রমিকদের ন্যায্য বেতন ও শ্রমের অধিকার নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অধিকার কমিটি।
অধিকার কমিটির গতকালের এ সভায় সভাপ্রধান ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিটির সদস্য অধ্যাপক সামিনা লুৎফা, চিকিৎসক হারুন উর রশীদ ও নাজমুস সাকিব, লেখক চৌধুরী মুফাদ আহমেদ, সংস্কৃতিকর্মী বীথি ঘোষ, জামশেদ আনোয়ার, সজীব তানভীর ও একরাম হোসেন, গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, চলচ্চিত্রকর্মী আকরাম খান, রাজনৈতিক কর্মী শহীদুল ইসলাম সবুজ, কামাল হোসেন বাদল, অনুপ কুন্ডু, অমল ত্রিপুরা, সমর চাকমা, রাফিকুজ্জামান ফরিদ, গাজী আলাউদ্দিন প্রমুখ।