এনসিপির সমাবেশে বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সংসদে আইনমন্ত্রী

· Prothom Alo

রাজধানীর অদূরে সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় বিস্ফোরণের ঘটনা তুলে ধরে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে কি না, জাতীয় সংসদে তা জানতে চেয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গতকাল সোমবার সাভারে পথসভায় বিস্ফোরণের বিষয়টি তুলে ধরেন এনসিপির এই সংসদ সদস্য।

Visit milkshakeslot.lat for more information.

দেশে সরকারি দলের মতো বিরোধী দলেরও সমাবেশ করার অধিকার আছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ তাঁরা সাভারের সমাবেশে উপস্থিত ছিলেন। তাঁরা মঞ্চে ওঠার আগে আগে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। বিদ্যুতের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করতে পারেননি।

আখতার হোসেন বলেন, ‘বক্তব্য চলাকালে শ্রোতাদের মাঝখানে বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন, রক্ত ছড়িয়ে পড়ে। শ্রোতারা ছত্রভঙ্গ হয়ে পড়ে।’

এনসিপির সদস্যসচিব বলেন, বিরোধী দলকে সমাবেশ করার অধিকার সংবিধান দিয়েছে। সে সমাবেশের সময় কেন বিদ্যুৎ থাকবে না? কেন বিদ্যুৎ নিয়ে যাওয়া হলো, সরকারি দলের কাছে জবাবদিহি চাই।

আখতার হোসেন অভিযোগ করেন, তাঁরা জুলাই নিয়ে কর্মসূচি ঘোষণা করলে ‘জুলাইয়ের পতিত শক্তিরা’ নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এর আগেও এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এনসিপির সভা চলাকালে বিদ্যুৎ চলে যাওয়া, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সরকারের কাছে জানতে চান এই সংসদ সদস্য।

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৪

পরে আখতার হোসেনকে বিষয়টি নিয়ে নোটিশ দেওয়ার অনুরোধ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ পর্যায়ে ফ্লোর নিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কিছু কথা বলতে চান। আইনমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য আখতার হোসেন যে বিষয়টা অবতারণা করেছেন, তা আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি, এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সঙ্গে ততটা কঠোর পদক্ষেপ সরকার নেবে।’

Read full story at source