গুগল ফটোজে থাকা ভিডিও সম্পাদনা করে দেবে এআই
· Prothom Alo

গুগল ফটোজে যুক্ত হচ্ছে ‘ভিডিও রিমিক্স’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন একটি সুবিধা। সুবিধাটি কাজে লাগিয়ে সহজেই গুগল ফটোজে থাকা যেকোনো ভিডিওর আলো, পটভূমি ও দৃশ্যের উপস্থাপনায় পরিবর্তন আনা যাবে। ফলে আলাদা কোনো ভিডিও সম্পাদনা সফটওয়্যার ব্যবহার না করেই সহজে ভিডিওকে নতুন রূপ দিতে পারবেন ব্যবহারকারীরা।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ভিডিও রিমিক্সের সুবিধাটি গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ওমনি’ কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। সম্প্রতি উন্মোচিত এ মডেলটি বিভিন্ন ধরনের ইনপুট থেকে নতুন আধেয় বা কনটেন্ট তৈরি করতে পারে। গুগলের বিভিন্ন সেবায় জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ধারাবাহিকতায় গুগল ফটোজে নতুন সুবিধাটি যুক্ত করা হচ্ছে।
Visit biznow.biz for more information.
নতুন সুবিধাটি গুগল ফটোজের ‘ক্রিয়েট’ ট্যাব থেকে ব্যবহার করা যাবে। গুগলের মতে, আকর্ষণীয় ভিডিও তৈরি করতে আর পেশাদার দক্ষতা বা দীর্ঘ সময় ধরে সম্পাদনার প্রয়োজন হবে না। ভিডিও রিমিক্সের মাধ্যমে সহজেই সাধারণ মানের ভিডিওকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার উপযোগী করে তোলা যাবে।
গুগল জানিয়েছে, ভিডিও রিমিক্স সুবিধা ধাপে ধাপে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও তুরস্কে বসবাসকারী গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা সেবা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
সূত্র: টেকক্রাঞ্চ