কুড়িগ্রামে সড়কের মাটি কাটা নিয়ে দুই পক্ষের বিরোধ, সংঘর্ষে কৃষক নিহত
· Prothom Alo

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়কের মাটি কাটা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে।
নিহত কৃষক জিন্নাত আলী (৪৫) রাজারহাট উপজেলার ডাংঘাট গ্রামের বাসিন্দা।
Visit hilogame.news for more information.
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি একটি সড়কে চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জিন্নাত আলী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, সড়কটি সরকারি। স্থানীয় কৃষক জিন্নাত আলী আজ ওই সড়কসংলগ্ন তাঁর জমিতে কৃষিকাজ করছিলেন। তাঁর বিরুদ্ধে সড়কের পাশের মাটি কোদাল দিয়ে কেটে নেওয়ার অভিযোগ তোলে আরেক পক্ষ। কথা-কাটাকাটি ও পূর্ববিরোধের জেরে একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে ওই কৃষক নিহত হন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।