ছাত্রদল গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজপথে নেমেছিল

· Prothom Alo

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের চেতনা, ত্যাগ ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতা–কর্মী ও সমর্থক শহীদ হয়েছেন। তাঁরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজপথে নেমেছিলেন। একই সঙ্গে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতার আত্মত্যাগও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে ‘স্মরণে জুলাই-ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।

Visit saltysenoritaaz.org for more information.

রাকিবুল ইসলাম বলেন, এই প্রজন্মের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো ফ্যাসিবাদবিরোধী জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণ। যাঁরা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণ–অভ্যুত্থান সফল হয়েছে।

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা–কর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুলিশের বাধা ও ছাত্রলীগের হামলার মুখেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ কর্মসূচি সফল করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, গত দুই বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হল দখল, রুম দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার রাজনীতি করেনি। শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে—এমন কোনো কর্মসূচিও ছাত্রদল পালন করেনি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ যে ভবিষ্যতে আর কখনো দেশের কোনো ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব ও অপসংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশের সব আন্দোলনে সামনের সারিতে ছিল। তাদের খাটো করে দেখার সুযোগ নেই। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই মূল্যায়ন পায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অহব্বায়ক মেহেদী হাসান ও সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন।

Read full story at source