বিজিবির ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা নিহত, পরিবারের সঙ্গে বৈঠক

· Prothom Alo

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা সুমন্তি চাকমা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষতিপূরণের দাবি ওঠে। দুর্ঘটনার দুই দিন পর নিহত নারীর পরিবারের সঙ্গে বৈঠক করেছে বিজিবি।

আজ সোমবার বেলা একটা থেকে তিনটা পর্যন্ত বাঘাইছড়ির ২৭ বিজিবির মারিশ্যা জোন কার্যালয়ে এই বৈঠক হয়।

Visit umafrika.club for more information.

বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) সমরেশ চাকমা, শিক্ষক প্রতিনিধি নামতা তালুকদার, সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্য বনবিহারী চাকমাসহ নিহত শিক্ষিকার নিকটাত্মীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৈঠকে অংশ নেওয়া সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিজিবির ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু খুবই মর্মান্তিক। এ দুর্ঘটনায় নিহত নারীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠলে বিজিবির সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে নিহত শিক্ষিকার পরিবারকে বিভিন্ন সহায়তা করার ঘোষণা দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, দুর্ঘটনার দিন নিহত নারীর পরিবারকে এক লাখ টাকা দেয় বিজিবি। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আগামী রোববারের মধ্যে আরও চার লাখ টাকা দেওয়া হবে। নিহত স্কুলশিক্ষিকা সুমন্তি চাকমার আট বছর বয়সী মেয়ে প্রাপ্তি চাকমার পড়ালেখার দায়িত্ব বিজিবি নিয়েছে। এ ছাড়া স্কুলশিক্ষিকার ভাই এইচএসসি পাস করলে এবং শারীরিকভাবে সুস্থ থাকলে বিজিবিতে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সড়কের ছয়টি ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধকও নির্মাণ করছে বিজিবি।

গত শনিবার সকাল সাড়ে নয়টায় সাজেকের চাম্পাতলী এলাকায় বিজিবির ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় অটোরিকশার যাত্রী অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা সুমন্তি চাকমার। তিনি সাজেক ইউনিয়নের ডাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁকে সন্তান প্রসবের জন্য সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে দুর্ঘটনায় তিনি ও তাঁর গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়েছে।

বৈঠকে বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম নিহত স্কুলশিক্ষিকার পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, বিজিবি এই পরিবারের পাশে থাকবে এবং শিশুকন্যা প্রান্তির শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু খুবই মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে নিহত নারীর পরিবারকে সহযোগিতা করা হবে।

Read full story at source