৪৭ বছরে মা হলেন এই অভিনেত্রী

· Prothom Alo

৪৭ বছর বয়সে মা হলেন চীনা অভিনেত্রী তাং ওয়েই। তাং ওয়েইয়ের প্রতিনিধি জানান, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংকে বিয়ে করেন তাং ওয়েই। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান।

Visit newssport.cv for more information.

বুধবার তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, পরিবারের চার সদস্য হাত ধরে আছেন। পাশাপাশি ছিল নবজাতকের জন্য কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবি।

তাঁদের প্রথম সন্তান সামারের কথা উদ্ধৃত করে তাং ওয়েই লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’

তাং ওয়েইয়ের এই ঘোষণার আগে কয়েক মাস ধরে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাঁকে বেবি বাম্পসহ দেখা গেলে সেই গুঞ্জন শুরু হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন তাং। ছবিতে তাঁদের হাতে ছিল ঘোড়ার খেলনা।

তখন তাং লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’

গত মাসেও এই দম্পতিকে একসঙ্গে হংকং ভ্রমণে দেখা যায়। এরপরই অনলাইনে জল্পনা শুরু হয়, খুব শিগগিরই সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তাং।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই অভিনয়ে অভিষেক করেন ২০০৪ সালে। ২০১০ সালের সিনেমা ‘লেট অটাম’-এর শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। ২০১৬ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান সামারের জন্ম হয়।

কিম তে-ইয়ং ‘লেট অটাম’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।

এক্সপোর্টনিউজ অবলম্বনে

Read full story at source