৫৪ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে হতাশ সিমন্স
· Prothom Alo

অস্ট্রেলিয়ায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে দলের ব্যাটসম্যানদের মধ্যে ফিফটি পেরোতে পেরেছেন কেবল একজন। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ছাড়া ব্যাট হাতে বলার মতো আর কোনো পারফরম্যান্স নেই।
Visit rhodia.club for more information.
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রান তুললেও দ্বিতীয় ইনিংসে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ডারউইনে আজ ২ উইকেটে ১৯ রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাকি ৮টি উইকেট হারায় মাত্র ১৬ ওভারের মধ্যে। সফরকারীদের ৫৪ রানে গুটিয়ে দেওয়ার পথে মূল ভূমিকা রাখেন মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা থম্পসন। ১০ উইকেটের ৮টিই তাঁর।
অস্ট্রেলিয়ায় ৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ব্যবধানে হার
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার ঠিক আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের এমন ভয়াবহ ব্যাটিংধসে স্পষ্ট হতাশা প্রকাশ করেছেন কোচ ফিল সিমন্স। শিষ্যদের আউট হওয়ার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ। তবে মূল লড়াইয়ের আগে ভুলগুলো শুধরে ব্যাটসম্যানরা তৈরি হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।
ম্যাচ শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সিমন্স বলেছেন, ‘যে তিনটি দিন আমরা পেয়েছিলাম, বেশ কিছু ভালো কাজ হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। আপনি যদি আমাদের আউট হওয়ার ধরন খেয়াল করেন, তা মোটেও ভালো কিছু ছিল না।’
অবশ্য প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ব্যাটসম্যানরা নিজেদের গুছিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করেন কোচ, ‘টেস্ট ম্যাচে ঠিক যা করা প্রয়োজন, তা নিয়ে কাজ করার জন্য আমাদের হাতে আরও তিন দিন সময় আছে। ছেলেদের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আগামী তিন দিনে তারা দরকারি কাজগুলো সেরে নেবে, যাতে টেস্টের জন্য নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাই। এটি একটি হতাশাজনক ম্যাচ ছিল, তবে আমরা অতীত ভুলে সামনে তাকাচ্ছি এবং টেস্টের অপেক্ষায় আছি।’
ডারউইনে আগামী বৃহস্পতিবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।