চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
· Prothom Alo

চট্টগ্রাম নগরে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ শুক্রবার সকাল সাতটার দিকে নগরের ষোলশহর এলাকায় এ সড়ক অবরোধের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষা করেন অনেক চালক। তবে অপেক্ষার পরও গ্যাস না পেয়ে তাঁরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশের অনুরোধে একপর্যায়ে সড়ক থেকে সরে যান তাঁরা।
Visit biznow.biz for more information.
আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছুটির দিন হওয়ায় সড়কে যান চলাচল তুলনামূলক কম। গ্যাস নেওয়ার জন্য ফসিল ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। চালকদের কেউ কেউ এক দিনের বেশি সময় ধরে গাড়ি নিয়ে সেখানে অপেক্ষা করছেন বলে জানান।
চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তাঁরা গ্যাস পাচ্ছেন না। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারছে না। মোহাম্মদ হানিফ নামে এক চালক বলেন, ‘২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছি না। কখন গ্যাস পাব, সেটাও কেউ বলতে পারছে না। এভাবে দিনের পর দিন বসে থাকলে পরিবার নিয়ে কীভাবে চলব?’
ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের কিছু করার নেই।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ১৫-২০ মিনিটের মতো সড়ক অবরোধ ছিল। ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়ে চালকদের বোঝানোর চেষ্টা করেছে। পরে চালকেরা সড়ক ছেড়ে চলে যান।