মুমিনুলও আউট, ৪ উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে বাংলাদেশ
· Prothom Alo

স্টার্কে বিধ্বস্ত বাংলাদেশের টপ অর্ডার
বাংলাদেশ: ৫ ওভারে ১০/৪
মুমিনুলও আউট। এবারও ফুল লেন্থের বল, একটু দেরিতে সুইং করেছে। মুমিনুলও তানজিদের মতো ‘নাথিং শট’ খেলে ড্রেসিংরুমের পথ ধরেছেন। স্টার্কের সামনে যেন অসহায় হয়ে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত হারানো ৪ উইকেটের সবগুলোই নিয়েছেন তিনি।
Visit freshyourfeel.org for more information.
তিন ব্যাটসম্যানেরই ডাক!
বাংলাদেশ : ৩ ওভারে ৯/৩
এবার আউট হয়ে গেলেন তানজিদ হাসান। এবারও বোলারের নাম মিচেল স্টার্ক। তানজিদ কী করলেন তিনি নিজেও হয়তো জানেন না। ধারাভাষ্যকক্ষ থেকে যেমন বলা হলো, ‘অলস শট।’ স্টার্কের ফুল লেন্থের বল তানজিদের ব্যাট হয়ে স্লিপে ক্যাচে গেছে।
বলতে বলতেই আউট হয়ে গেলেন নাজমুল হোসেনও। তাঁকে দুর্ভাগা বলতে হয়। এলবিডব্লুর সিদ্ধান্তে রিভিউ নিয়েছিলেন। অল্পের জন্য স্টাম্প হিট করেছে, আম্পায়রস কলে আউট হয়েছেন নাজমুল। হতাশাকে সঙ্গী করে ড্রেসিংরুমের পথ ধরেছেন বাংলাদেশ অধিনায়ক।
স্টার্ক হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েছিলেন স্টার্ক। কিন্তু মুশফিকুর রহিম তা হতে দেননি।
বাংলাদেশ শুরুতেই বড় বিপদে পড়ে গেল। আউট হওয়া তিন ব্যাটসম্যানের সবাই শূন্য রানে ফিরেছেন।
ড্রেসিংরুমের পথে হতাশ নাজমুলপ্রথম বলে আউট সাদমান!
প্রথম বলে আউট হয়ে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। স্টার্কের করা ফুল লেন্থের স্টাম্প বরাবর করা বল মিডউইকেটে খেলতে চেয়েছিলেন, কিন্তু তাঁর ব্যাটে ঠিকঠাক লাগেনি। গালিতে ক্যাচ ধরা ক্যামেরন গ্রিনও বোধ হয় প্রথম বলে এমন কিছু আশা করেননি!
মিচেল স্টার্কের জন্য যদিও এরকম ঘটনা নতুন নয়। টেস্টে এ নিয়ে চতুর্থবার প্রথম বলেই উইকেট পেলেন বাঁহাতি পেসার। তবে তাঁর চতুর্থ বলে চার মেরেছেন মুমিনুল। তাঁকে এখন দায়িত্ব নিতে হবে। অন্তত নতুন বলটা পার করতে হবে তানজিদ–মুমিনুলকে। নয়তো পরের ব্যাটসম্যানদের আরও বেশি চ্যালেঞ্জে পড়তে হবে।
বাংলাদেশ: ১ ওভারে ৪/১
শুরু থেকেই চ্যালেঞ্জে পড়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাবড় কিছুর হাতছানি
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়াটাই ছিল অবিশ্বাস্য এক ঘটনা। বাংলাদেশের সামনে এই ম্যাচে হাতছানি দিচ্ছে আরও বড় কিছু। ম্যাচটা জিতলে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হবে অস্ট্রেলিয়া। গত ১৩৯ বছরে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ধবলধোলাই হতে দেখা যায়নি। সেই ১৮৮৭ সালে ঘরের মাঠে এমন লজ্জার সঙ্গে প্রথম ও সর্বশেষ দেখা হয়েছে অস্ট্রেলিয়ার। দুই ম্যাচের অ্যাশেজ সিরিজটা ইংল্যান্ড জিতেছিল ২-০ ব্যবধানে। দুটি টেস্টই হয়েছিল সিডনিতে। প্রথম টেস্টে ১৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি ৭১ রানে জেতে ইংলিশরা।
ওই ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ১১০টি। কিন্তু কখনো তারা সিরিজের সবগুলো ম্যাচই হারেনি। এবার কি বাংলাদেশ তা করে দেখাতে পারবে? সেই প্রস্তুতিটা গতকাল তারা কীভাবে নিয়েছে তা পড়তে পারেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদের এই লেখায়— ম্যাকাইকে বুঝতে কী কী করছে বাংলাদেশ
বাংলাদেশের দর্শকরা ঐতিহাসিক কিছুর অপেক্ষাতেই আছেনএকাদশে শরীফুল
ডারউইন টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ওই টেস্টের দলে না থাকা শরীফুল ইসলাম খেলছেন আজ। তাঁকে জায়গা দিতে এই ম্যাচের একাদশে নেই ইবাদত হোসেন। কম্বিনেশনটা আগের মতোই— সাত ব্যাটসম্যান, স্পিনার হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলাম আর তিন পেসার।
অস্ট্রেলিয়াও প্রথম টেস্টে একাদশে একটিই পরিবর্তন এনেছে। প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়া জেক ওয়েদারাল্ডের জায়গা ঢুকেছেন রেনশ। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলবেন রেনশ। ভারতের বিপক্ষে সেই টেস্টে তিনি খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। এবার খেলবেন ওপেনার হিসেবে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
দ্বিতীয় টেস্টের একাদশে ঢুকেছেন শরীফুল ইসলামটস হারলেন নাজমুল হোসেন
টস হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আগের ম্যাচেও তাই হয়েছিল। তখন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের বোলাররা নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে ১৯৮ রানেই অলআউট করে দেয় স্বাগতিকদের। এবার অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে সেই চ্যালেঞ্জ সামলাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।
টসের সময় দুই অধিনায়কঅপেক্ষা...
প্রথম টেস্ট জেতার পর বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ায় আগ্রহ বেড়েছে অনেক। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আজ গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়ামেরও অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে। স্থানীয় ক্রিকেটপ্রেমিদের জন্যও দিনটা তাই স্পেশাল।
ম্যাকাই থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানালেন, খেলা শুরুর এক ঘণ্টা আগেই গ্যালারি প্রায় ভরে গেছে। বাংলাদেশেরও অনেক দর্শকরা এসেছেন অস্ট্রেলিয়ার অন্য শহরগুলো থেকে। রাস্তায়ও স্বাভাবিক সময়ের চেয়ে গাড়ির চাপ বেশি।
বাংলাদেশের জার্সি পরে মাঠে এসেছেন দর্শকরামাঠে এর মধ্যে দুই দলের ক্রিকেটাররা চলে এসেছেন। তারা ওয়ার্ম আপ করেছেন। একটা উৎসবের আবহ তৈরি হয়েছে। মাঠের পরিবেশেও ‘টেস্ট মেজাজ’ আছে। এখন শুধু খেলা শুরু হওয়ার অপেক্ষা!
টেস্ট শুরুর আগে অপেক্ষায় দর্শকরাস্বাগতম
অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাকাই টেস্টের সরাসরি ধারাবিবরণীতে সবাইকে স্বাগতম।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ডারউইনে অসাধারণ খেলে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ, সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
এবার বাংলাদেশের সামনে সিরিজ জেতার সুযোগ। ম্যাকাইয়ের দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে এই টেস্টটা না হারলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়বে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের খবর জানাতে ডারউইনের মতো ম্যাকাইয়েও আছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ এবং আলোকচিত্রী শামসুল হক।