ক্ষমতার ছায়ায় উত্থান–পতন: আলী কেনানের গল্পে সমাজের আয়না

· Prothom Alo

গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর

আহমেদ ছফা রচিত ‘একজন আলী কেনানের উত্থান-পতন’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আসর বসে। পাঠচক্রে বন্ধুরা উপন্যাসটির বিভিন্ন অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Visit een-wit.pl for more information.

বাংলা সাহিত্যে ক্ষমতা, সুবিধাবাদ ও সামাজিক ভণ্ডামির একটি তীক্ষ্ণ প্রতিচ্ছবি হয়ে আছে আহমদ ছফার উপন্যাস ‘একজন আলী কেনানের উত্থান-পতন’। ১৯৮৮ সালে প্রকাশিত এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলী কেনান একজন সাধারণ মানুষ। সে পরিস্থিতি, ক্ষমতার সংস্পর্শ ও নিজের কৌশলকে কাজে লাগিয়ে ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠে।

আলী কেনানের উত্থান কোনো সরল সাফল্যের গল্প নয়। ক্ষমতাবানদের ঘনিষ্ঠতা তাকে সামাজিক প্রভাব ও প্রতিপত্তি এনে দেয়। সেই প্রভাবকে কাজে লাগিয়ে তার পরিবার ও অনুসারীরাও শক্তিশালী হয়ে ওঠে। ফলে ব্যক্তির ক্ষমতা ধীরে ধীরে একটি সামাজিক বলয়ে রূপ নেয়। কিন্তু এই ক্ষমতার ভিত ছিল আদর্শের চেয়ে বেশি সুবিধা, প্রভাব ও আনুগত্যের ওপর নির্ভরশীল।

উপন্যাসের পরবর্তী পর্যায়ে ধর্মীয় বিশ্বাস ও মাজারকেন্দ্রিক সংস্কৃতিও তার ক্ষমতার অন্যতম ভিত্তি হয়ে ওঠে। ছফা দেখিয়েছেন, মানুষের বিশ্বাসকে ব্যবহার করে কীভাবে একজন ব্যক্তি সামাজিক প্রভাব ও সম্পদের মালিক হয়ে উঠতে পারে। একই সঙ্গে তিনি দেখিয়েছেন অন্ধ অনুসরণ ও চাটুকারিতার বিপজ্জনক দিক।

তবে আলী কেনানের সবচেয়ে বড় শিক্ষা তার পতনে। যে ক্ষমতা তাকে একসময় সমাজের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল, সেই ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে পড়তেই চারপাশের মানুষও সরে যায়। শেষ পর্যন্ত তার দীর্ঘদিনের প্রভাব ও প্রতিপত্তি ভেঙে পড়ে। অর্থাৎ ক্ষমতার ওপর নির্মিত সম্পর্ক ক্ষমতা হারালে কতটা দ্রুত বদলে যেতে পারে, আলী কেনানের পতন তারই নির্মম উদাহরণ।

আলী কেনানের গল্প তাই শুধু একজন ব্যক্তির উত্থান-পতনের কাহিনি নয়। এটি ক্ষমতার সঙ্গে ব্যক্তিস্বার্থের সম্পর্ক, অন্ধ আনুগত্য, সুবিধাবাদ ও সমাজে প্রভাব বিস্তারের প্রবণতা নিয়ে একটি গভীর সাহিত্যিক প্রশ্ন। এখানেই আহমদ ছফার উপন্যাসটি সময় পেরিয়েও প্রাসঙ্গিক হয়ে ওঠে।

পাঠচক্রে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সদস্যরাও অংশগ্রহণ করেন।

বন্ধু, গোবিপ্রবি বন্ধুসভা

Read full story at source