প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে বর্ণিল আয়োজন, কার্যনির্বাহী সভায় নানা সিদ্ধান্ত
· Prothom Alo

প্রথম আলো বন্ধুসভার ২০২৬ কার্যনির্বাহী বছরের এরই মধ্যে আট মাস অতিবাহিত হয়েছে। সারা দেশের স্থানীয় বন্ধুসভাগুলো নিজস্ব উদ্যোগে প্রতি সপ্তাহে কোনো না কোনো ভালো কাজ করছে। বছরব্যাপী কার্যক্রমের মধ্যে অন্যতম ভালো কাজ জাতীয় পর্ষদের আহ্বানে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, সহমর্মিতার ঈদ ও বৃক্ষরোপণ। গাছ লাগানোর কর্মসূচিও শেষের পথে। এসব কিছু নিয়ে জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬-২৭-এর সপ্তম কার্যনির্বাহী সভায় আলোচনা ও মূল্যায়ন হয়েছে।
Visit mwafrika.life for more information.
২৮ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাইয়ের জন্য কমিটি গঠন করা হয়। পাশাপাশি ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বর্ষসেরা দশ’ বন্ধুসভা বাছাইয়ের জন্যও কমিটি গঠন করা হয়েছে।
এর আগে সভাপতি জাফর সাদিকের সম্মতিক্রমে সভার সূচনা করেন সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। শুরুতেই তিনি সভার আলোচ্যসূচি তুলে ধরেন। এরপর ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেন সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ ও রুবাইয়াত সাইমুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা ও সমন্বয়ক নাফিউর নূর।
আসছে নভেম্বরে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এবার নৌবিহার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই বর্ষসেরা পুরস্কারগুলো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে আসনসংখ্যার ভিত্তিতে নিবন্ধনের মাধ্যমে সারা দেশের যেকোনো বন্ধু অংশগ্রহণ করতে পারবে। আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা আশিকুজ্জামান অভি ও যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন চৌধুরী।
সভায় আরও আলোচনা করা হয়েছে উপস্থাপনা-বিষয়ক কর্মশালা নিয়ে। এ কর্মশালা আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। সেখানে প্রশিক্ষক হিসেবে থাকছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের দেশসেরা সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক এবং ভ্লগিং তারকারা।
জাতীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা সাফায়াত ও ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক তানভীর হাসানকে আহ্বায়ক করে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী মুভি স্ক্রিনিং ও রিভিউ প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পর্ষদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমানকে।
এ বছরই প্রকাশিত হবে বার্ষিক ম্যাগাজিন ‘তারুণ্য’-এর দ্বাদশতম সংখ্যা। এ নিয়ে একটি সম্পাদনা পর্ষদও গঠন করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে কাজ শুরু হবে।
আগামী অক্টোবরে ক্যারিয়ার-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। এটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ।
এ ছাড়া সভায় আলোচনা করা হয়েছে আইডিয়াথন বাংলাদেশে বন্ধুসভার অংশগ্রহণ, এআই হ্যাকাতন আয়োজনসহ নানা বিষয়ে।
সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরার মায়ের প্রয়াণে শোক প্রকাশ করা হয়। পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’-এ নির্বাচিত হওয়ায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমানকে অভিনন্দন জানানো হয়।
শেষে সারা দেশের বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে সভাপতি জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভার কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও মানসম্মত করার জন্য নিয়মিত মূল্যায়ন জরুরি। এ বছর স্থানীয় বন্ধুসভাগুলোর কার্যক্রম আশাব্যঞ্জক। বাকি সময়টাতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ভালো সৃজনশীল কাজ করতে হবে। তবে শুধু সংখ্যা না বাড়িয়ে কাজের মান ও এর সামাজিক প্রভাব যাতে থাকে তা দেখতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম, দপ্তর সম্পাদক আলাদিন আল আসাদ, প্রশিক্ষণ সম্পাদক ফারহান সাকিব, কার্যনির্বাহী সদস্য তাপসী রায়, আবরার জাহিন ও ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট।