রূপপুর বিদ্যুকেন্দ্রের সেফটি ভালভের ত্রুটিতে পিছিয়ে যাচ্ছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ

· Prothom Alo

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালবের ক্রটির কারণে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়সীমা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

Visit h-doctor.club for more information.

কবে নাগাদ সেফটি ভালভের ত্রুটি মেরামত হবে এবং কবে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে—এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ফকির মাহবুব আনাম বলেন, গত ২৮ এপ্রিল রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। এ পর্যায়ে চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য ছিল। বিভিন্ন ধাপে পরীক্ষা চালিয়ে এখন ‘বি’ স্টেজ সম্পন্ন হয়েছে। তবে দুটি সেফটি ভালভের সমস্যার কারণে পরবর্তী ‘সি’ স্টেজে যাওয়া যাচ্ছে না।

সেফটি ভালভের মেরামত কবে শেষ হবে এবং প্রথম ইউনিটের কমিশনিং কবে শুরু হবে—এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী কোনো নির্দিষ্ট তারিখ দিতে পারেননি। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। সেফটি ভালভ কেন কাজ করছে না, সেটি নির্ধারণের জন্য রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসবে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর সমস্যার প্রকৃত কারণ জানা যাবে।

মন্ত্রী জানান, প্রকল্পের ডিজাইনারের মূল্যায়ন অনুযায়ী সেফটি ভালভ দুটি পুরোপুরি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে। একটি হলো দ্বিতীয় ইউনিটের জন্য বরাদ্দ থাকা ভালভ নিয়ে প্রথম ইউনিটে বসানো। আরেকটি হলো রুশ ভেন্ডরকে দ্রুত নতুন ভালভ তৈরি করে সরবরাহের অনুরোধ করা। দ্রুত এবং সময়োপযোগী বিকল্পটিই বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরও অব্যবহৃত ডেটার মূল্য যাতে গ্রাহক ব্যবহার করতে পারেন, সে বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর আরও এক–দুই দিন তা ব্যবহারের সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে অপারেটরদের সঙ্গে কথা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা।

Read full story at source