বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা বলে মাঠেই এল না চীন
· Prothom Alo

এশিয়ান গেমসে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল কোয়ার্টার ফাইনাল দিয়ে। কিন্তু বৃষ্টির কারণে চীনের বিপক্ষে ম্যাচটা মাঠেই গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।
Visit betsport24.es for more information.
রোববার ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। বোর্ড থেকে তা জাপানে থাকা নারী দলকে জানানোও হয়েছিল।
কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত হয়নি, কারণ? চীনের ক্রিকেটাররা মাঠেই আসেননি। কেন আসেনি, সেটির কারণ জানা যায়নি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের মাঠে যেতে বলা হয়েছিল, আমরা গিয়েছি। কেন ম্যাচটা হয়নি, তা বলতে পারব না।’
বাংলাদেশের যদিও ওই সময়ে এমনিতেও মাঠে যাওয়ার কথা ছিল। অনুশীলনের জন্য বরাদ্দ সময়েই ম্যাচটি চীনের বিপক্ষে খেলার কথা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি না হওয়ায় অনুশীলন শেষ করেই হোটেলে ফিরে গেছেন বাংলাদেশের মেয়েরা।
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন কেন প্রস্তুতি ম্যাচ রাখা হলো, কেনই–বা প্রতিপক্ষ মাঠে এল না—এসব নিয়ে জানতে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।