যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

যাত্রাবাড়ী থানা–পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় যাত্রাবাড়ীর ঢাকা–মাওয়া মহাসড়কের পাশে সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে মো. বিল্লাল (৩২) নামের এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Visit albergomalica.it for more information.

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু প্রথম আলোকে বলেন, কোথা থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তাঁরা। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, সেটি তাঁরা তদন্ত করে দেখছেন। যাত্রাবাড়ী উড়ালসড়কের ওপর থেকে নিচে ককটেলগুলো ফেলা হয়েছে বলে প্রাথমিক ধারণা তাঁদের।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে কাছের এলাকা যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ইবাদুর রহমান নামের এক অটোরিকশাচালক আহত হন। উড়ালসড়ক থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Read full story at source