নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ভ্যানচালকের মৃত্যু
· Prothom Alo

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হাসান শেখ (৩৮) মারা গেছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে বুধবার সকালে উপজেলার কলাবাড়ীয়া চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
Visit tr-sport.click for more information.
হাসান শেখ কলাবাড়ীয়া চরকান্দিপাড়া এলাকার তারা মিয়া শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ সোহেল রানা। অপর পক্ষের নেতৃত্বে আছেন আবেদ আলী। সম্প্রতি আবেদ আলী পক্ষের ১১ জন একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হন। এরপর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে গতকাল বুধবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তাঁদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহত হাসান শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, সংঘর্ষের সময় ঘটনাস্থলে গোলাগুলিও হয়। আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ হয়েছেন। হাসানও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন বলে তাঁদের দাবি।
তবে হাসান গুলিবিদ্ধ ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয় পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী প্রথম আলোকে বলেন, ‘নিহত হাসান গুলিবিদ্ধ ছিলেন কি না, তা এখনো শতভাগ নিশ্চিত নই আমরা। বর্তমানে তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে নড়াইলের বাড়িতে আনা হবে।’