হাঁসুয়ার কোপে মা নিহত ও বাবা গুরুতর আহত, ছেলে গ্রেপ্তার

· Prothom Alo

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাঁসুয়ার কোপে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা। গকাল বুধবার দিবাগত রাতে মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে। মামলা হওয়ার পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Visit asg-reflektory.pl for more information.

নিহত ওই নারীর নাম জান্নাতুন (৫৫)। তাঁর স্বামী মুজিব সরদার (৫৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়ি মোহনপুরের মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে। আজ বৃহস্পতিবার সকালে নিহত নারীর ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর সকালেই বাড়ি থেকে ছেলে আমিনুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। গতকাল দিবাগত রাত একটার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে মা জান্নাতুনের ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মায়ের চিৎকার শুনে বাবা মুজিব সরদার এগিয়ে এলে আমিনুল তাঁকেও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আমিনুল মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে আমিনুল ইসলাম মাদকাসক্ত কি না, সে বিষয়ে পুলিশের কাছে নিশ্চিত তথ্য নেই বলে জানান ওসি।

Read full story at source