১৫ বছরে ছোটকাকু, দুই দিনের উৎসবে থাকছে যেসব আয়োজন
· Prothom Alo

১৫ বছর ধরে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন ছোটকাকু। ফরিদুর রেজা সাগরের লেখা একই নামের এই গোয়েন্দা সিরিজে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন আফজাল হোসেন। দীর্ঘ এই পথচলা উদ্যাপন করতে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে বসবে দুই দিনের ‘ছোটকাকু উৎসব’। শিশু-কিশোরদের জন্য নানা আয়োজনের পাশাপাশি বড়দের জন্যও থাকছে আড্ডা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Visit turconews.click for more information.
দুই দিনব্যাপী ছোটকাকু উৎসবের সংবাদ সম্মেলনে (বাম থেকে) শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন ও তারিক আনাম খানচ্যানেল আই মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ শনিবার উৎসবের নানা দিক তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজক প্রতিষ্ঠান মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন জানান, শিশুদের কেন্দ্র করে এ ধরনের আয়োজন এবারই প্রথম করছেন তাঁরা। দুই দিনজুড়ে শিশু-কিশোরদের জন্য থাকবে শিক্ষামূলক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। সেমিনারের পাশাপাশি শিশুদের জন্য থাকবে নাটক ও গান। এ ছাড়া ছোটকাকু সিরিজের শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ ক্যাফে আড্ডা ও পরিবেশনা।
দুই দিনব্যাপী ছোটকাকু উৎসবের সংবাদ সম্মেলনে (বাম থেকে) শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন ও তারিক আনাম খানআফজাল হোসেন বলেন, ছোটবেলায় সাহিত্য ও রূপকথার চর্চা মানুষের মধ্যে কৌতূহল ও কল্পনাশক্তি তৈরি করত। এখন সেই চর্চার সুযোগ কমে গেছে। শিশু-কিশোরদের সামনে কী উপস্থাপন করা হচ্ছে, সেটিও গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন তিনি। জানালেন, ছোটদের জন্য কিছু করার দায় থেকেই এই চরিত্রের সঙ্গে যুক্ত হওয়া। আফজাল বলেন, ‘ছোটকাকুতে অভিনয়ের সময় তাঁর অভিনয়জীবনের ৪০ বছর পূর্ণ হয়েছে। অভিনয় তাঁকে আর তেমন আকর্ষণ করছিল না। কিন্তু ছোটদের জন্য কিছু করার তাগিদ থেকেই এই সিরিজের সঙ্গে যুক্ত হন। ১৫ বছর ধরে কাজটি চালিয়ে যাওয়ার পেছনে সেই দায়বোধই কাজ করেছে।’
দুই দিনব্যাপী ছোটকাকু উৎসবের সংবাদ সম্মেলনে (বাম থেকে) শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, তারিক আনাম খান ও উপস্থাপক সামান্তা শারমিনসংবাদ সম্মলনে ছোটকাকু সিরিজের আরেক অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘সাহিত্য থেকে নাটক বা চলচ্চিত্র নির্মাণের যে ঐতিহ্য ছিল, তা এখন অনেকটাই কমে গেছে। শিশু-কিশোরদের মানসিক বিকাশে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা গুরুত্বপূর্ণ। ছোটকাকুর অন্যতম বিশেষত্ব হলো এটি শিশু-কিশোরদের মধ্যে মেধা, বুদ্ধি ও কৌতূহলের জায়গা তৈরি করে।’
সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘১৫ বছরে ছোটকাকু একটি স্বতন্ত্র চরিত্রে পরিণত হয়েছে। ফরিদুর রেজা সাগরের লেখা গল্পে দেশের বিভিন্ন জেলার নাম ও বৈশিষ্ট্য উঠে এসেছে।’
‘ছোটকাকু’ সিরিজের একটি দৃশ্যছোটকাকুর লেখক ফরিদুর রেজা সাগর জানান, তাঁর নিজের ছোটকাকু ডক্টর ফজলুল আলম এবং ছড়াকার আমীরুল ইসলাম এই চরিত্রের অনুপ্রেরণা। দুজনেই প্রয়াত। ফরিদুর রেজা সাগর বলেন, ‘আফজাল হোসেন ছোটকাকু চরিত্রের সঙ্গে এতটাই মিশে গেছেন যে অনেকেই তাঁকে সরাসরি “ছোটকাকু” নামে ডাকেন। সেই জনপ্রিয় চরিত্রকে ঘিরেই এবার দুই দিনের এই উৎসব।’
উৎসবের জন্য একটি গানও তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলেনে গানটির ভিডিও চিত্র দেখানো হয়। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর আলোকির উৎসবে গানটি সরাসরি পরিবেশিত হবে।
আয়োজকেরা জানালেন, শিশু–কিশোরদের কথা বিবেচনায় নিয়ে উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।