মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজ পরে নায়িকার প্রতিবাদ

· Prothom Alo

সন্তান জন্মের পর বদলে যাওয়া শরীর নিয়ে তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ শুনতে হয়েছে স্বরা ভাস্করকে। কখনো তাঁকে বলা হয়েছে ‘মোটা’, কখনো আরও নানা ধরনের মন্তব্য। এত দিন এসব মন্তব্যের বিরুদ্ধে কথা বলেছেন অভিনেত্রী। এবার সেই অপমানজনক শব্দগুলোর মধ্য থেকেই একটি বেছে নিয়ে নিজের পোশাকে তুলে ধরলেন তিনি। ‘রাইজ অ্যান্ড ফল’–এর দ্বিতীয় মৌসুমের প্রিমিয়ারে বেগুনি শাড়ির সঙ্গে ‘মোটি’ লেখা ব্লাউজ পরে হাজির হন স্বরা।

Visit betsport.cv for more information.

‘মোটি’ শব্দটির অর্থ মোটা। যে শব্দটি দিয়ে স্বরাকে হেয় করা হয়েছে, সেটিকেই এবার নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানেই সঞ্চালক বীরেন্দর শেবাগের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, মেয়ের জন্মের পর তিন বছর ধরে অপরিচিত মানুষের কাছ থেকে তাঁর শরীর নিয়ে নিয়মিত মন্তব্য শুনতে হয়েছে।
স্বরা ভাস্কর বলেন, ‘আমার মেয়ের তিন বছর বয়স। আর তিন বছর ধরে এমন অনেক মানুষ—যাদের আমি একেবারেই চিনি না, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্য জায়গায় আমাকে নিয়ে মন্তব্য করেছেন।’

এরপর তাঁকে উদ্দেশ করে ব্যবহৃত শব্দগুলোর কথাও জানান অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘মোটা হয়ে গিয়েছে...। আমি বললাম, আমি সবই হয়ে গেছি। এখন তোমাদের এই সব শব্দ গ্রহণ করে নিজের করে নিচ্ছি।’

‘মোটি’ শব্দটি কেন নিজের করে নিলেন
স্বরার এই পোশাকের পেছনে শুধু তাৎক্ষণিক কোনো কৌশল নয়; এর সঙ্গে তাঁর সাম্প্রতিক বক্তব্যেরও যোগ আছে। চলতি বছরের মে মাসে ২০১৮ সালের একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর আবারও শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার পর দীর্ঘ এক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী।

স্বরা তখন লিখেছিলেন, সন্তান জন্মের পর তাঁর শরীর বদলে যাওয়ায় এবং ইন্টারনেটে অপরিচিত মানুষের ঠিক করে দেওয়া সময়ের মধ্যে ওজন কমাতে রাজি না হওয়ায় যে রাগ ও ক্ষোভের মুখে পড়েছেন, তা তাঁর কাছে বিস্ময়কর। তাঁর বক্তব্য ছিল, নারীর শরীরের উদ্দেশ্য শুধু যৌন আকর্ষণ বা সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে উপস্থাপন করা নয়।

স্বরা ভাস্কর আরও বলেছিলেন, সন্তান জন্মের পর তিনি ‘বাউন্স ব্যাক’ করার চেষ্টা করেননি। কারণ, মা হওয়ার পর জীবন আগের অবস্থায় ফিরে যায় না। একজন মানুষ চিরদিনের জন্য অভিভাবক হয়ে যান। তাই আগের তুলনায় শরীরের গড়ন বদলে গেলে সেটিকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সামাজিক চাপ তৈরি করা একধরনের নিষ্ঠুরতা বলেই মনে করেন তিনি।

সেই বক্তব্যের কয়েক মাস পর এবার পোশাকের মাধ্যমেও একই বার্তা দিলেন স্বরা। ‘মোটি’ শব্দটি যে তাঁকে আঘাত করার জন্য ব্যবহার করা হয়েছে, সেটির ক্ষমতাই যেন কেড়ে নিতে চেয়েছেন তিনি।

স্বরা ভাস্কর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘মাতৃত্বের পর শরীর বদলানো স্বাভাবিক’
‘রাইজ অ্যান্ড ফল’–এর অনুষ্ঠানে আসার আগে দেওয়া এক সাক্ষাৎকারেও স্বরা জানিয়েছেন, ‘মোটি’ শব্দটি তিনি গর্বের সঙ্গে পরেছেন। তাঁর যুক্তি, কাউকে শরীর নিয়ে লজ্জা দিতে যে শব্দ ব্যবহার করা হয়, সেই শব্দের ক্ষমতা কেড়ে নেওয়ার একটি উপায় হলো সেটিকে নিজের মতো করে গ্রহণ করা।

স্বরার মতে, গর্ভধারণ ও মাতৃত্বের পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। তাই সন্তান জন্মের পরপরই তাঁকে আগের মতো দেখতে হবে—এমন প্রত্যাশা অযৌক্তিক। নারীর মূল্য তাঁর ওজন কিংবা শরীরের গড়নের ওপর নির্ভর করে না।
স্বরা আরও বলেন, সন্তান জন্মের পর নারীদের ওপর দ্রুত আগের চেহারায় ফিরে যাওয়ার যে চাপ তৈরি করা হয়, সেটি বন্ধ হওয়া উচিত; বরং মাতৃত্বের শারীরিক পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখা দরকার।

শুধু স্বরা নন, আগে ঐশ্বরিয়া, ক্যাটরিনাকেও কটাক্ষ করা হয়েছিল
মাতৃত্বের পর শরীর নিয়ে নারীদের ওপর সামাজিক চাপের প্রসঙ্গে এর আগেও ঐশ্বরিয়া রাই বচ্চনের উদাহরণ টেনেছিলেন স্বরা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মেয়ে আরাধ্যার জন্মের পর ঐশ্বরিয়ার ওজন নিয়ে যেভাবে আলোচনা ও সমালোচনা হয়েছিল, সেটি তাঁর মনে আছে।

মা হওয়ার পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, সালমানের কড়া জবাব

স্বরা উল্লেখ করেছিলেন, সন্তান জন্মের পর ঐশ্বরিয়ার শরীরের পরিবর্তন নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করা হয়েছিল। অথচ ঐশ্বরিয়া তখন নিজের সন্তানকে নিয়ে জীবন উপভোগ করছিলেন। সেই অবস্থানই স্বরাকে অনুপ্রাণিত করেছিল।
এ ছাড়া সম্প্রতি একই ধরনের কটাক্ষের শিকার হয়েছেন ক্যাটরিনা।

‘রাইজ অ্যান্ড ফল’–এ নতুন পরিচয়ে স্বরা
নতুন রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’–এর দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছেন স্বরা। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হয়েছে। সঞ্চালকের দায়িত্বে রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।

দ্বিতীয় মৌসুমে মোট ১৫ প্রতিযোগী অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের মূল কাঠামোয় প্রতিযোগীরা ‘রুলার’ ও ‘ওয়ার্কার’—দুই অবস্থানের মধ্যে থাকেন। একজনের অবস্থান বদলে যেতে পারে খেলা, সিদ্ধান্ত, জোট ও কৌশলের ওপর ভিত্তি করে।
স্বরা ছাড়া এই মৌসুমে রয়েছেন করণ প্যাটেল, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, গৌতম গুলাটি, তেজ প্রতাপ যাদব, শাহজাদ পুনাওয়ালা, সিয়েত তোমর, কায়রা আনু, মনীশ কাশ্যপ, কাজল রাঘবানি, নিহারিকা তিওয়ারি, সারা গুরপাল, রাজ গ্রোভার, ইরিনা রুদাকোভা ও অনীশ ভাগা।

শোটি প্রাইম ভিডিও ও এমএক্স প্লেয়ারে দেখা যাচ্ছে। প্রতিদিন নতুন পর্ব প্রকাশিত হচ্ছে।

স্বরা ভাস্কর ২০২৩ সালে ফাহাদ আহমদকে বিয়ে করেন। একই বছর তাঁদের কন্যা রাবিয়ার জন্ম হয়।

এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Read full story at source