বন্ধুকে পেছনে নিয়ে যাচ্ছিলেন তরুণ, হঠাৎ হাতুড়িপেটা করে মোটরসাইকেল-মুঠোফোন ছিনতাই
· Prothom Alo

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুর অনুরোধে মোটরসাইকেলে করে তাঁকে পৌঁছে দিতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন এক তরুণ। এ সময় তাঁর মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বন্ধুর বিরুদ্ধে। আহত তরুণের নাম মো. নাজমুল ইসলাম (২২)। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
Visit catcrossgame.com for more information.
নাজমুল উপজেলার ভাওর গ্রামের সৌদিপ্রবাসী মমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত রিমি (২২) চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি নাজমুলের বন্ধু হিসেবে পরিচিত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে রিমি তাঁর নানার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নাজমুলকে অনুরোধ করেন। নাজমুল এতে রাজি হয়ে নিজের মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে রওনা হন। পথে মাওলানা বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পেছনে বসে থাকা রিমি হঠাৎ হাতুড়ি দিয়ে নাজমুলের মাথায় আঘাত করেন।
মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় নাজমুল চিৎকার করতে করতে সড়কের পাশের একটি দোকানে আশ্রয় নেন। এ সময় রিমি নাজমুলের মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন নাজমুলকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে স্বজনেরা রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন। আজ সোমবার বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, হামলার শিকার তরুণের পরিবারের পক্ষ থেকে আজ বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ শুরু করেছে।