সূচকে টেকসই প্রবৃদ্ধি ধরে রেখেছে এসবিএসি ব্যাংক

· Prothom Alo

দেশের ব্যাংকিং খাতে সুশাসন, নৈতিকতার মান রক্ষা ও সুষম প্রবৃদ্ধি অর্জনে জোর দিচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি। ‘একসঙ্গে এগিয়ে চলা’ ভাবনাকে প্রাধান্য দিয়ে প্রান্তিক ও সাধারণ মানুষকে আধুনিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে ধারাবাহিকভাবে কাজ করছে ব্যাংকটি।

২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধনের পর ৩ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরে ২০২১ সালের ১১ আগস্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে সুশাসিত ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্যিক ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করে। গ্রাহকদের দোরগোড়ায় নির্বিঘ্ন ব্যাংকিং সেবা পৌঁছে দিতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকটির কার্যক্রম বাড়িয়েছে। এখন সারা দেশে ৯০টি শাখা, ৩২টি উপশাখা, ৮৫টি এটিএম ও সিআরএম এবং ৩৬টি সক্রিয় এজেন্ট আউটলেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ব্যাংকটির ৪২ শতাংশ শাখা গ্রামীণ অঞ্চলে অবস্থিত, যা গ্রামকেন্দ্রিক অর্থনীতিকে সচল রাখতে সহযোগিতা করছে। 

Visit sports24.club for more information.

এ ছাড়া শরিয়াহভিত্তিক সেবার জন্য ১০টি ইসলামি ব্যাংকিং শাখা এবং বৈদেশিক ঋণের সুবিধার্থে একটি ‘অফশোর ব্যাংকিং ইউনিট’ সক্রিয় রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে ই-কেওয়াইসি, কিউআর পেমেন্ট ও লেনদেন সহজ করতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বিশেষ ভূমিকা রাখছে।

বিগত পাঁচ বছরে ব্যাংকটির দক্ষ ব্যবস্থাপনায় আমানত ৪৮ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৪৪ শতাংশ বেড়েছে। ২০২৬ সালের জুন শেষে এসবিএসি ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে ১২ হাজার কোটি টাকায়, যা গত মাত্র ছয় মাসে ১২ শতাংশ বা ১ হাজার ৩০০ কোটি টাকা বেড়েছে। একই সময়ে মোট ঋণের পরিমাণ ৯ হাজার ৬২৭ কোটি টাকা এবং প্রথম ছয় মাসে পরিচালন মুনাফা অর্জিত হয়েছে ৭৫ কোটি টাকা। ২ হাজার কোটি টাকা অনুমোদিত ও ৮২৪ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ১৩ দশমিক ৪১ শতাংশ। ব্যাংকটি ঋণের ভারসাম্য রক্ষায় ৪৭ শতাংশ করপোরেট, ৩১ শতাংশ এসএমই, ২০ শতাংশ রিটেইল এবং ২ শতাংশ কৃষি খাতে বিতরণ করেছে।

বৈশ্বিক রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকটির সূচক ঊর্ধ্বমুখী; ২০২৫ সালে ৬ হাজার ৯৩১ কোটি টাকার পর ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ৬ হাজার ১৯ কোটি টাকার প্রবাসী আয় অর্জিত হয়েছে। 

প্রযুক্তিনির্ভর ক্যাশলেস সোসাইটি তৈরিতে ২০১৮ সালে চালু করা ডিজিটাল মোবাইল ওয়ালেট ‘বাংলাপে’, ‘এসবিএসি ক্লিক’ এবং ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’-এর মাধ্যমে বর্তমানে ৪ লাখ ৪৬ হাজার ৯২১ গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৭ শতাংশই নারী গ্রাহক। ১ লাখ ১২ হাজার ৭৮০টি ডেবিট ও ৯ হাজার ৭২৫টি ক্রেডিট কার্ড ইস্যুর পাশাপাশি ২০২৬ সালের আগস্ট থেকে যুক্ত হয়েছে ‘বাংলা কিউআর’ অ্যাকুয়ারিং কার্যক্রম।

আইএসও ২৭০০১ ও পিসিআই-ডিএসএস আধুনিক সাইবার নিরাপত্তা দিচ্ছে। এ ব্যাংকের নজর রয়েছে টেকসই বিনিয়োগেও। মোট ৮৬১ কোটি টাকার টেকসই অর্থায়নের পাশাপাশি ২০ কোটি টাকার পরিবেশবান্ধব প্রকল্পসহ মোট ১১৫ কোটি টাকার সবুজ অর্থায়ন করেছে প্রতিষ্ঠানটি। কিশোর ও তরুণদের জন্য ‘উচ্চাশা’, ‘সুরক্ষা’ ও ‘সমৃদ্ধি’ সেবার পাশাপাশি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২০২ কোটি ৪০ লাখ টাকা ভ্যাট ও কর জমা দিয়েছে ব্যাংকটি।

আর্থিক সূচকের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় মজবুত ভিতে দাঁড়িয়েছে এসবিএসি ব্যাংক। গত এক যুগে ব্যাংকটির আমানত, ঋণ ও অগ্রিম, আমদানি-রপ্তানি বাণিজ্য, প্রবাসী আয়, মূলধন, মোট সম্পদ ইত্যাদি সূচকে টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংকের আর্থিক পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে।

Read full story at source