২৭ লাখ টাকা, ‘খতরোঁ কে খিলাড়ি’ জিতে আর কী কী পেলেন অবিনাশ

· Prothom Alo

শেষ হলো ভয়, ঝুঁকি আর দুঃসাহসের পরীক্ষা। ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর চ্যাম্পিয়ন হয়েছেন টেলিভিশন অভিনেতা অবিনাশ মিশ্র। গতকাল রাতে প্রচারিত গ্র্যান্ড ফিনালেতে রিতভিক ধনজানি ও ওরহান আওয়াত্রামানি ওরফে অরির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী হন তিনি।

রোহিত শেঠি সঞ্চালিত স্টান্টভিত্তিক রিয়েলিটি শোর ফাইনাল টাস্কে সবচেয়ে কম সময়ে চ্যালেঞ্জ শেষ করেন অবিনাশ। ফলে তাঁর হাতেই ওঠে বিজয়ীর ট্রফি। পুরস্কার হিসেবে পেয়েছেন ২০ লাখ রুপি (প্রায় ২৭ লাখ টাকা), একটি বিলাসবহুল গাড়ি এবং ইউরোপ ভ্রমণের সুযোগ।

Visit newsbetting.club for more information.

১০ বছর পর প্রথম জয়
বিজয়ীর নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি অবিনাশ। রোহিত শেঠিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।

অভিনেতা জানান, গত ১০ বছরে অনেক কাজ করলেও কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেননি। তাঁর জীবনে এটিই প্রথম রিয়েলিটি শো, যেটিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

রোহিত শেঠিও অবিনাশের পারফরম্যান্সের প্রশংসা করেন। তাঁর মতে, শুরু থেকেই অবিনাশের মধ্যে ফাইনালে যাওয়ার মতো যোগ্যতা ছিল।
বিজয়ের পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় অবিনাশ বলেন, টেলিভিশনে প্রায় এক দশক কাজ করতে গিয়ে তাঁর পরিচয়ের একটি বড় অংশ হয়ে উঠেছিল পর্দার ‘সুদর্শন ছেলে’ ভাবমূর্তি। সেই পরিচয় তিনি উপভোগ করলেও নিজের আরও অনেক দিক দর্শকদের সামনে তুলে ধরার ইচ্ছা ছিল।

‘খতরোঁ কে খিলাড়ি’ অবিনাশকে সেই সুযোগ দিয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, এই অনুষ্ঠানে এসে নিজের কাজ দিয়েই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

রোহিত শেঠির সঙ্গে অবিনাশ মিশ্র। ইনস্টাগ্রাম থেকে

অবিনাশ আরও বলেন, নিজেকে পরীক্ষা করতেই তিনি এই অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু এখান থেকে ফিরছেন নিজের ওপর আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস নিয়ে। তাঁর কাছে সেটিই সবচেয়ে বড় জয়।

দ্বিতীয় রিতভিক, তৃতীয় অরি
ফাইনালের কঠিন স্টান্টে অবিনাশের পর দ্বিতীয় হন রিতভিক ধনজানি। তৃতীয় স্থান পান ওরহান আওয়াত্রামানি, যিনি অরি নামেই বেশি পরিচিত।
ফাইনালের শেষ মুহূর্ত পর্যন্ত তিন প্রতিযোগীর মধ্যে উত্তেজনা ছিল। তবে শেষ পর্যন্ত সময়ের ব্যবধানেই অবিনাশকে এগিয়ে দেন রোহিত শেঠি।
গ্র্যান্ড ফিনালেতে অবিনাশকে সমর্থন দিতে হাজির হয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ‘বিগ বস ১৮’-এর প্রতিযোগী ঈশা সিং। বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে অবিনাশকে জড়িয়ে ধরেন তিনি।

ডিজে থেকে অভিনেতা
অবিনাশ মিশ্র প্রায় এক দশক ধরে টেলিভিশনে কাজ করছেন। অভিনয়ে আসার আগে তিনি ডিজে হিসেবে কাজ করতেন।

২০১৬ সালে ‘শেঠজি’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। পরের বছর ‘ইশকবাজ’-এ অভিনয় করেন।

২০১৮ সালে ‘মরিয়ম খান-রিপোর্টিং লাইভ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন অবিনাশ। তবে তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় আসে ২০২২ সালে ‘নাথ’ ধারাবাহিকে অভিনয়ের পর।

‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ

এই ধারাবাহিকের সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর সুযোগ পান ‘বিগ বস ১৮’-এ অংশ নেওয়ার। সালমান খান সঞ্চালিত ওই রিয়েলিটি শোতে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন অবিনাশ।

এবার ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর ট্রফি জিতে রিয়েলিটি শোতে নিজের সাফল্যের খাতায় যোগ করলেন নতুন অধ্যায়।

টেলিভিশনের পর্দায় দীর্ঘদিনের পরিচিত মুখ হলেও অবিনাশের দাবি ছিল, দর্শক যেন তাঁকে শুধু চেহারা বা পর্দার উপস্থিতির জন্য না চেনেন, তাঁর কাজ ও দক্ষতার জন্যও মনে রাখেন। ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর বিজয় তাঁর সেই প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করল।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

Read full story at source