সালমান খানকে দেখতে কত টাকার টিকিট কিনেছিলেন চাঁদনী, কী ঘটেছিল সেদিন
· Prothom Alo
বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলতে হয় প্রিয় তারকার কথা। সেভাবেই ওঠে আসে সালমান খানের কথা। শৈশব থেকেই এই নায়কের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। কারণ, সালমানই তাঁর প্রিয় নায়ক। সেই অভিজ্ঞতা শুনে অনেকেই মনে করতেন, বানিয়ে বলছেন। যে কারণে প্রিয় নায়কের সঙ্গে ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
চাঁদনী বলেন, সময়টা ১৯৯৭–৯৮ সালের দিকে। সেই সময় সালমান খান বাংলাদেশে আসেন অনুষ্ঠান করতে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে টিকিট কাটেন। এই অভিনেত্রী বলেন, ‘আমি ছিলাম সালমান খানের একদম কঠিন ভক্ত। সে বাংলাদেশে আসবে শুনে তো ঘুম নাই। দিন গুনতাম কবে আসবেন। তাঁর সঙ্গে কথা বলা, ছবি তোলার আগ্রহটা বেশি ছিল। কিন্তু পরে শুনি, কোনো একটি কারণে অনুষ্ঠানটি হবে না।’
Visit afnews.co.za for more information.
অটোগ্রাফ নেওয়ার সময়ে সালমান খানের সঙ্গে বান্ধবীসহ চাঁদনীসালমান খানের এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল গুলিস্তান স্টেডিয়ামে। সেখানে নিরাপত্তাসহ বেশ কিছু কারণে সে সময় অনুষ্ঠান বাতিল হয়। এ খবর শুনে মন খারাপ করেছিলেন চাঁদনী। এরপরে সুযোগ খুঁজতে থাকেন কীভাবে সালমানের সঙ্গে দেখা করা যায়। পরে জানতে পারেন, তাঁর পছন্দের নায়ক বাংলাদেশে এসেছেন। তিনি রয়েছেন শেরাটন হোটেলে (বর্তমান নাম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা)।
পরে চলে যান শেরাটনে সালমান খানের সঙ্গে দেখা করতে। প্রথমে সুযোগ না মিললেও পরে সুযোগ পান প্রবেশ করার। চাঁদনী বলেন,‘নানাভাবে সুযোগটা করে নিতে হয়েছিল। পরে রুমের ঠিকানা পাই। সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম আর আমাদের ফটোগ্রাফার মহসিন ভাই ছিলেন। গিয়ে দেখি, সালমান খান একাই রুমে রয়েছেন। অনুমতি নিয়ে তখন আমি তাঁর পাশে গিয়ে দাঁড়াই।’
সেই সময়ে চাঁদনী স্কুলে পড়েন। তাঁর নাম ও পরিচয় দেন। পরে সালমান খানকে বলেন, ছবি ওঠাবেন। সেই সময়ের স্মৃতি নিয়ে এ অভিনেত্রী বলেন,‘আমি সেদিন সালমান খানের হাত ধরেছিলাম। যত সময় ছিলাম, পুরো সময়েই হাত ধরেছিলাম। তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন। পরে অটোগ্রাফে লিখলেন, “চাঁদনী, ফর ইয়োর সালমান।” এ লেখা আর তাঁর জিজ্ঞাসা করার সময়টা এখনো আমার চোখের সামনে ভাসে। তিনি একটু লাজুক টাইপের ছিলেন। নাম জিজ্ঞাসা করার সময়ে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। সেই চাহনি এখনো আমার মনে আছে।’
অভিনেত্রী চাঁদনীতাঁদের এই দেখা হওয়াটা ছিল অল্প সময়ের জন্য। তারপরও এটা ছিল সেই সময়ের সেরা প্রাপ্তি। সেদিন সালমানের সঙ্গে আর কী কথা হয়েছিল? ‘আমি সালমান খানের জন্মদিন কবে জানতে চেয়েছিলাম, হিন্দিতেই জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন, ২৭ ডিসেম্বর। আমাদের জেনারেশনে সালমান খান মানেই অন্য রকম ব্যাপার ছিল। তাঁর ব্যাপক ক্রেজ ছিল। যে কারণে সালমানকে আমার সেরা মনে হতো। তিনি আসলে দেখতে ছিলেন রাজপুত্রের মতো, নবাবদের মতো।’
এ সময় মজার অভিজ্ঞতা ভাগাভাগি করে চাঁদনী বলেন, ‘আমি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পুরো সময় তাঁকে ধরেছিলাম। হ্যান্ডশেক করেছিলাম। পরে বাসায় এসে ৭ দিন ওই হাতই ধুইনি। এটা আসলে কিশোর মনের একটা পাগলামি ছিল। ক্রেজি ফ্যান বলতে যা বোঝায়। আমি তাঁকে এতটাই পছন্দ করতাম যে আমার বাসায় আমার রুমের অনেক স্থানে তাঁর ছবি টাঙিয়ে রাখতাম। বাচ্চাকালে কত কিছু করেছি।’
তাঁর পছন্দের অভিনেতাদের মধ্যে সালমান ছাড়াও রয়েছেন শ্রীদেবী, পরে তো শাহরুখ, আমির খানও পছন্দের হয়ে যান। ‘তবে সালমান খানই আমার পছন্দের শীর্ষে।’ সালমান খানের প্রথম কোন সিনেমা আপনার ভালো লাগে? এমন প্রশ্নে চাঁদনী বলেন, ‘একটা সিনেমায় অভিনেত্রী রেখার দেবর ছিলেন সালমান খান। ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সিনেমায় প্রথম দেখেই ভালো লাগে। তিনি অনেক ভালো অভিনয় করেছিলেন। দেখতেও অনেক সুন্দর ছিলেন। সেই ভালো লাগার শুরু।’
‘আমার রঙিন এ সময় যেন ফুরিয়ে না যায়’অভিনেত্রী চাঁদনীতবে ভক্ত হন ১৯৮৯ সালের সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’তে সালমান খানের অভিনয় দেখে। সেই সিনেমার জন্য সালমান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। তবে পুরস্কার পাননি। কিন্তু সেই বছর সেরা নবাগত অভিনেতা হিসেবে সালমান পেয়েছিলেন পুরস্কার। সেদিন সালমান খানের অনুষ্ঠানের টিকিট কত দিয়ে কিনেছিলেন? ‘সেই সময় আমি ৩ হাজার টাকা দিয়ে ভিআইপি টিকিট কিনেছিলাম। মজার ব্যাপার হচ্ছে, এটা পুরোটাই আমার জমানো টাকা। আমি তখন শিশু চরিত্রে অভিনয় করতাম। বিজ্ঞাপন করতাম। তখন “দুখাই” সিনেমায় অভিনয় করেছি। এসব কাজ করে আমি টাকা জমাতাম।’
হঠাৎ এত দিন পর কেন সালমানের সঙ্গে ছবিটি পোস্ট করলেন? এমন প্রশ্নে তিনি বলেন,‘আমি অনেক সময় সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে কথা বলি। একসঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এই অভিজ্ঞতার কিছু কিছু বলি। কিন্তু অনেকেই মনে করেন, চাপা মারছি। যে কারণে এবার ছবিগুলো পোস্ট করেছি। আগেই দিতাম। কিন্তু ছবিগুলো আমার বান্ধবীর কাছে ছিল। সেই দিয়েছে। পরে পোস্ট করেছি।’ পোস্টে তিনি লিখেছেন, ‘আমার সাল্লুর সঙ্গে। যাঁরা আমার সাক্ষাৎকার দেখে বলেছিলেন, “চাপা”, এই ছবি তাঁদের জন্য।’