ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

· Prothom Alo

ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। আগামী সপ্তাহে ভারতে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তাঁর নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে। ব্যবসা ও টেলিভিশন জগতে পরিচিতি পাওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন মৌলভীবাজারের এই ব্রিটিশ-বাংলাদেশি তরুণী।

Visit milkshakeslot.online for more information.

সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক হওয়ার খবর জানিয়েছেন আনিসা নিজেই। তাঁর বাবা ইয়াওর খানও প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি আনিসাকে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার আনন্দ প্রকাশ করে আনিসা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছি। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় এই খেলায় আমি ছিলাম সম্পূর্ণ নতুন। কখনো কল্পনাও করিনি, নতুন একটি খেলা শেখার সিদ্ধান্ত আমাকে আজ এই অবস্থানে নিয়ে আসবে।’

আগামী সপ্তাহে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সেখানে ইংল্যান্ডের একদল নারী খেলোয়াড়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত বলে উল্লেখ করেছেন আনিসা।

মৌলভীবাজারে পারিবারিক শিকড়

আনিসা খানের পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। প্রথমে রেস্তোরাঁ ব্যবসা, এরপর আবাসন ব্যবসায় যুক্ত হন তিনি। ইয়াওর খান যুক্তরাজ্যের ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা। চার ভাই–বোনের মধ্যে আনিসা সবার ছোট।

যুক্তরাজ্যে বেড়ে ওঠা আনিসা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাবাডি খেলা শুরু করেন। একপর্যায়ে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলে জায়গা করে নেন। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন তিনি। লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া আনিসা আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে কাজ করেছেন। চাকরির পাশাপাশি নিজের ব্যবসা গড়ে তোলার আগ্রহ থেকে করোনা মহামারির সময় প্রতিষ্ঠা করেন খাবারের ব্যবসা ‘বোম্বে পিৎজা’।

আনিসা যুক্তরাজ্যে ব্যাপক পরিচিতি পান ২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হন তিনি।

ব্যবসা পরিচালনা এবং টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যস্ততার মধ্যেও কাবাডি থেকে দূরে সরে যাননি আনিসা। নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এলএসই থেকে পড়াশোনা শেষ করা, অ্যাকসেঞ্চারে চাকরি, বোম্বে পিৎজা প্রতিষ্ঠা এবং ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নেওয়া—জীবন তাঁকে নানা পথে নিয়ে গেলেও কাবাডি সব সময় তাঁর সঙ্গে ছিল।

এবার সেই খেলাতেই ইংল্যান্ড নারী জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু হচ্ছে ২৩ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টে বাংলাদেশ, ইংল্যান্ডসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে।

‎কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

Read full story at source